১৩ বছরের কিশোরীর সাহসে মিশিগানে বন্দুক হামলার রহস্য উন্মোচন
মিশিগানে বন্দুক হামলায় ছয়জন নিহত, গুলিবিদ্ধ ১৩ বছরের কিশোরীর সাহসী ৯১১ ফোনে দ্রুত শনাক্ত হয় সন্দেহভাজন হামলাকারী।
১৩ বছরের কিশোরীর সাহসে মিশিগানে বন্দুক হামলার রহস্য উন্মোচন
মিশিগানের মিসককি কাউন্টিতে ধারাবাহিক বন্দুক হামলায় পাঁচজন নিহত হওয়ার পর সন্দেহভাজন হামলাকারীরও মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ১৩ বছরের এক কিশোরী গুলিবিদ্ধ হয়েও ৯১১-এ ফোন করে হামলাকারীকে শনাক্ত করতে সহায়তা করেছে।
১৪ আগস্ট স্থানীয় সময় দুপুরের আগে লেক টাউনশিপের একটি বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় এবং ১৩ বছরের কিশোরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। নিহতদের মধ্যে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি, ৪০ বছর বয়সী এক নারী ও তাঁর ১৬ বছর বয়সী ছেলে ছিলেন।
গুলিবিদ্ধ অবস্থাতেও কিশোরী নিজেই জরুরি নম্বর ৯১১-এ ফোন করে। পুলিশ জানিয়েছে, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই সন্দেহভাজন ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানকে দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। পরে কাউন্টির অন্য একটি স্থানে ৫৩ বছর বয়সী আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
এরপর ব্যাপক অভিযান চালিয়ে পুলিশ হুইটলক লেকের কাছে একটি জঙ্গল এলাকায় হিকম্যানের মরদেহ উদ্ধার করে। সেখানে ২৯ বছর বয়সী এক নারীর মরদেহও পাওয়া যায়। ফলে হামলায় নিহতের সংখ্যা পাঁচজন এবং সন্দেহভাজনসহ মোট ছয়জনে দাঁড়ায়।
১৩ বছরের কিশোরীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানায় পুলিশ। পরিবার ও স্বজনরা তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। হামলার উদ্দেশ্য এবং নিহতদের সঙ্গে সন্দেহভাজনের সম্পর্ক কী ছিল, তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।