ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন সামরিক ইউনিট ঘোষণা মার্কিন বাহিনীর
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে ড্রোন সক্ষমতা আরও শক্তিশালী করতে ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন একটি বহুজাতিক টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সমুদ্র, আকাশ ও পানির নিচে একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনায় কাজ করবে এই বিশেষ ইউনিট।
ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন সামরিক ইউনিট ঘোষণা মার্কিন বাহিনীর
মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ‘ফ্যালকন স্ট্রাইক টাস্কফোর্স’ নামে একটি নতুন বহুজাতিক ও বহুমাত্রিক ড্রোন ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে।
সেন্টকম জানিয়েছে, নতুন এই টাস্কফোর্স সমুদ্রপথে, সমুদ্রের ওপর এবং সমুদ্রের নিচে পরিচালিত একমুখী আক্রমণকারী (One-Way Attack) ড্রোন মোতায়েন ও পরিচালনায় কাজ করবে। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক অংশীদার দেশগুলোর সেনাসদস্যরাও অংশ নেবেন।
এর আগে মধ্যপ্রাচ্যে বিশেষায়িত ড্রোন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্করপিয়ন স্ট্রাইক টাস্কফোর্স’ গঠন করা হয়েছিল। প্রায় নয় মাস পর এবার আরও বিস্তৃত সক্ষমতা নিয়ে চালু হলো ‘ফ্যালকন স্ট্রাইক’।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, আঞ্চলিক মিত্রদের প্রযুক্তিগত উদ্ভাবন এবং যৌথ সক্ষমতার ভিত্তিতে নতুন এই টাস্কফোর্স ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, এই ইউনিট নতুন প্রযুক্তি ও সক্ষমতাকে সমন্বিতভাবে ব্যবহার করে বিভিন্ন অপারেশনাল পরিবেশে কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি করবে।
এদিকে ইরানকে ঘিরে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, আগামী সপ্তাহে এমন কিছু ঘোষণা আসতে পারে, যা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষেত্রে নজিরবিহীন হবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানসংক্রান্ত বাণিজ্যিক কার্যক্রমের ওপর চাপ বজায় রাখার ইঙ্গিতও দেন তিনি।