বাংলাদেশে রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও আওয়ামীলীগের সাংগঠনিক তৎপরতা

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন ময়মনসিংহের ভালুকায় দলটির নতুন নেতৃত্ব নির্ধারণকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর নতুন কমিটি গঠনের সম্ভাবনায় সভাপতি পদে সাবেক এমপি এম এ ওয়াহেদের নাম তৃণমূল নেতাকর্মীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

PostImage

বাংলাদেশে রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও আওয়ামীলীগের সাংগঠনিক তৎপরতা


রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও সাংগঠনিক তৎপরতা: ভালুকা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে জোর আলোচনা, সভাপতি পদে আলোচনায় সাবেক এমপি এম এ ওয়াহেদ

নিজস্ব প্রতিনিধি | ময়মনসিংহ

বাংলাদেশে জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নানা ধরনের সীমাবদ্ধতা ও চাপের মধ্যে থাকলেও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা থেমে নেই। মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক পুনর্গঠন এবং নতুন নেতৃত্ব নির্ধারণের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে দলীয় সূত্রগুলো দাবি করছে। এরই অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ প্রতীক্ষিত পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক ও দলীয় একাধিক সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় রাজনৈতিক আড্ডা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আলোচনায় এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ভালুকা উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য নতুন নেতৃত্বের বিষয়টি। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসতে পারেন, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।

দলীয় সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন ঝুলে থাকা ভালুকা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া আবারও সক্রিয় হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব যেকোনো সময় এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে। আওয়ামী লীগ সরকারের পতনের আগেও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক বাস্তবতায় সেই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি। ফলে দুই দশকেরও বেশি সময় ধরে পুরোনো কমিটিই কার্যকর রয়েছে।

এ অবস্থায় নতুন নেতৃত্বের প্রশ্নে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে সাবেক সংসদ সদস্য এম এ ওয়াহেদের নাম। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁকে অনেকেই এগিয়ে রাখছেন।

নেতাকর্মীদের মতে, এম এ ওয়াহেদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেই তিনি এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, অসহায় মানুষের সহায়তা এবং স্থানীয় উন্নয়ন উদ্যোগে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। একই সঙ্গে রাজনৈতিক অস্থিরতার সময়েও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন বলে তাঁর সমর্থকরা দাবি করেন।

দলীয় সূত্রগুলো আরও বলছে, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং তৃণমূলকে সক্রিয় রাখা। এ কারণে এমন নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে, যিনি বিভিন্ন মত ও অবস্থানের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে পারবেন এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে সক্ষম হবেন।

স্থানীয় পর্যায়ে এম এ ওয়াহেদ একজন সফল আন্তর্জাতিক ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তি হিসেবেও পরিচিত। তাঁর সমর্থকদের দাবি, ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছেন, যা তাঁকে সাধারণ মানুষের মধ্যেও গ্রহণযোগ্যতা দিয়েছে।

এদিকে নতুন কমিটি গঠনের সম্ভাবনার খবরে ভালুকা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সম্ভাব্য নেতার ছবি ও পোস্টার শেয়ার করে শুভকামনা জানাচ্ছেন অনেকেই। পাশাপাশি নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করার প্রত্যাশাও ব্যক্ত করছেন তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিয়ে নানা আলোচনা ও বিতর্ক থাকলেও স্থানীয় পর্যায়ে দলটির নেতাকর্মীরা এখনও সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিয়ে কাজ করছেন। ভালুকা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সেই বাস্তবতারই একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব কাদের ওপর আস্থা রাখবে এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাদের দায়িত্ব দেওয়া হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দলীয় ও রাজনৈতিক মহলের ধারণা, বহুল প্রতীক্ষিত ভালুকা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হতে পারে যেকোনো সময়।

সিএসবি নিউজ-এর আরও খবর