সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামীপন্থী ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল, ইসি বলছে -কার্যক্রম নিষিদ্ধেই এমন সিদ্ধান্ত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে। নির্বাচন পরিচালনা কমিটির এই সিদ্ধান্তে একদিকে যেমন বিতর্ক তীব্র হয়েছে, অন্যদিকে রাজনৈতিক মেরুকরণের বিষয়টিও সামনে চলে এসেছে
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামীপন্থী ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল, ইসি বলছে -কার্যক্রম নিষিদ্ধেই এমন সিদ্ধান্ত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে। নির্বাচন পরিচালনা কমিটির এই সিদ্ধান্তে একদিকে যেমন বিতর্ক তীব্র হয়েছে, অন্যদিকে রাজনৈতিক মেরুকরণের বিষয়টিও সামনে চলে এসেছে।
নির্বাচন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ সমর্থিত প্রায় ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে দলটির সমর্থক আইনজীবীরা মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে নেতৃত্ব দেন মনসুরুল হক চৌধুরী, রবিউল আলম বুদু, সাজ্জাদ হোসেন এবং আম্বিয়া রেজা বুলবুল। এতে শতাধিক আইনজীবী অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া “নজিরবিহীন” এবং এটি সমিতির গঠনতন্ত্র ও সংবিধানের পরিপন্থী। তারা এ সিদ্ধান্তকে “অগঠনতান্ত্রিক, অসাংবিধানিক ও প্রহসনমূলক” বলে আখ্যা দেন। তাদের দাবি, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রার্থিতা বাতিল করা হলে আইনজীবী সমাজের স্বাধীনতা ও পেশাগত নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে।
এদিকে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন জানান, সরকারের জারি করা সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ২০২৫ সালের গেজেট এবং ২০২৬ সালের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির সমর্থক হিসেবে পরিচিত আইনজীবীরা নির্বাচনে অযোগ্য বিবেচিত হয়েছেন। তিনি দাবি করেন, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে।
এদিকে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বিএনপি সমর্থিত ১৪ জন, জামায়াত সমর্থিত ১২ জন এবং এনসিপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনী প্রতিযোগিতায় একপাক্ষিকতার অভিযোগ আরও জোরালো হয়েছে।
পরিস্থিতি ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। সেখানে তারা পরবর্তী কর্মসূচি ও আইনি পদক্ষেপের ঘোষণা দিতে পারেন।
উল্লেখ্য, আগামী ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য হবে, তা নিয়ে আইনজীবী মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।