স্ত্রীদের খুন করে নিখোঁজের নাটক, শেষরক্ষা হলো না দুই ভাইয়ের!
ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক বিরোধের জেরে দুই নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁদের স্বামীদের বিরুদ্ধে। পরে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পাশের জেলার জঙ্গলে নিয়ে পুঁতে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। স্ত্রীদের নিখোঁজ দেখিয়ে অভিযোগ করার পর তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর ঘটনা। গ্রেপ্তার করা হয়েছে দুই ভাই ও তাঁদের বাবা-মাকে।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় দুই স্ত্রীকে হত্যার পর তাঁদের মরদেহ পাশের সিমডেগা জেলার জঙ্গলে পুঁতে রাখার অভিযোগে চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহত দুই নারীর স্বামী, তাঁদের শ্বশুর ও শাশুড়িসহ একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত নারীরা হলেন ২৮ বছর বয়সী মিনি প্রিয়া এবং ২০ বছর বয়সী রাধিকা কুমারী। তাঁদের স্বামী দুই সহোদর ভাই শিবশঙ্কর সাহু ও নবীন সাহু।
পুলিশের বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৩ নভেম্বর সোমবার গুমলা জেলার সামসেরা এলাকার শাহীকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই জা মিনি প্রিয়া ও রাধিকা কুমারীর মধ্যে বিরোধ চলছিল। তাঁদের মধ্যকার এই বিরোধকে কেন্দ্র করেই দুই ভাইয়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
তবে ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো, হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে দুই নারী নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। পারিবারিকভাবে তাঁদের মধ্যে সমঝোতাও হয়েছিল। এরপরও কেন দুই ভাই তাঁদের স্ত্রীদের হত্যার সিদ্ধান্ত নিলেন, সেই বিষয়টি এখন তদন্ত করে দেখছে পুলিশ।
গুমলা জেলার পুলিশ সুপার হারিশ বিন জামার বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, শিবশঙ্কর সাহু একজন অ্যাম্বুলেন্সচালক। তাঁর ছোট ভাই নবীন সাহুও এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনার দিন দুই নারীকে তাঁদের বাড়িতে কুঠারজাতীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর মরদেহ দুটি সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়। শিবশঙ্করের অ্যাম্বুলেন্স ব্যবহার করে মরদেহ দুটি গুমলা থেকে প্রতিবেশী সিমডেগা জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিরু বনাঞ্চলের নির্জন এলাকায় মাটি খুঁড়ে মরদেহ দুটি পুঁতে রাখা হয় বলে পুলিশের দাবি।
মরদেহ গুম করার পর অভিযুক্তরা নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করেন বলে তদন্তে জানা গেছে। ঘটনার পরদিন মঙ্গলবার তাঁরা থানায় গিয়ে অভিযোগ করেন, তাঁদের দুই স্ত্রী কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন।
প্রাথমিকভাবে নিখোঁজের বিষয়টি সামনে এলেও পুলিশের কাছে তাঁদের বক্তব্যে অসংগতি দেখা দেয়। জিজ্ঞাসাবাদের সময় দুই ভাইয়ের কথাবার্তায় সন্দেহ তৈরি হয়। পরে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সিমডেগা জেলার জঙ্গলে অভিযান চালায়। তাঁদের দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গুমলা সদর হাসপাতালে পাঠানো হয়।
তবে মরদেহের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় সেখানে চিকিৎসকদের একাধিক দল গঠন করেও ময়নাতদন্ত সম্পন্ন করা সম্ভব হয়নি বলে পরবর্তী প্রতিবেদনে জানানো হয়েছে। পরে বিস্তারিত পরীক্ষা ও ফরেনসিক বিশ্লেষণের জন্য মরদেহ দুটি রাঁচির রাজেন্দ্র চিকিৎসাবিজ্ঞান প্রতিষ্ঠানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজন হলেন শিবশঙ্কর সাহু, নবীন সাহু, তাঁদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবী। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং পরবর্তী সময়ে মরদেহ গুম করার ঘটনায় পরিবারের অন্য সদস্যদের ভূমিকা ছিল কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।
তদন্তের অংশ হিসেবে হত্যায় ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি কুঠার এবং মরদেহ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ। এসব আলামত পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারতের টাইমস অব ইন্ডিয়ার ২৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুই ভাইয়ের পাশাপাশি তাঁদের বাবা-মাকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র এবং অন্যান্য আলামত হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই হত্যাকাণ্ডের পেছনের পারিবারিক বিরোধ নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত দুই নারী এর আগে তাঁদের স্বামীদের বিরুদ্ধে মারধর ও যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ করেছিলেন। প্রায় ছয় মাস আগে এ ধরনের অভিযোগ নিয়ে পারিবারিক বিরোধ তৈরি হয়েছিল। পরে সমঝোতার মাধ্যমে তাঁরা আবার সংসারে ফিরে আসেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ তথ্য হত্যাকাণ্ডের পেছনে দীর্ঘদিনের পারিবারিক নির্যাতন ও বিরোধের বিষয়টি নতুন করে সামনে এনেছে। তবে আগের অভিযোগগুলোর সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের সরাসরি সম্পর্ক কতটা, তা এখনো তদন্তাধীন।
২৬ নভেম্বর প্রকাশিত হিন্দুস্তান পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশ অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের ঘটনাক্রম পুনর্গঠন করেছে। এ সময় রাঁচি থেকে চার সদস্যের একটি ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর বাড়ির দেয়ালে রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এ জন্য গোবর দিয়ে দেয়ালের কিছু অংশ ঢেকে দেওয়ার অভিযোগও তদন্তে সামনে এসেছে। পুলিশ এসব আলামত সংগ্রহ করে পরীক্ষা করছে।
এদিকে নিহত দুই নারীর পরিবারের পক্ষ থেকেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীদের পরিবারের পক্ষ থেকে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় মোট ১১ জনের নাম উল্লেখ করে মামলা করার তথ্যও প্রকাশিত হয়েছে। তবে তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগের ধরন ও ব্যক্তিগত ভূমিকা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত চারজনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়েছে এবং তাঁদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য অভিযুক্তের সন্ধানে অভিযান চালানোর তথ্যও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ ঘটনায় ভারতের নতুন ফৌজদারি আইনের অধীনে হত্যা, অপরাধের প্রমাণ নষ্ট করা এবং অপরাধমূলক ষড়যন্ত্রসংক্রান্ত ধারায় মামলা করা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্তে পুলিশ প্রত্যক্ষদর্শী, পারিবারিক সদস্যদের বক্তব্য, উদ্ধার হওয়া আলামত এবং ফরেনসিক পরীক্ষার ফলাফল গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
অন্যদিকে, নিহত দুই নারীর সন্তানদের বিষয়টিও তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হিন্দুস্তানের প্রতিবেদনে মিনি প্রিয়ার সাত বছর বয়সী ছেলে অংশ রাজ সাহুর কথা উল্লেখ করা হয়েছে। শিশুটি হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী হতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে তার কাছ থেকে কী ধরনের তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।