তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদের নিচে ৯টি সুড়ঙ্গ, মিলেছে ৬টি কক্ষ
তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদের নিচে মাটি ও আবর্জনায় ঢাকা পুরোনো সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। সংস্কারকাজে সামনে এসেছে ভূগর্ভস্থ কক্ষ ও প্রাচীন পানির পথের চিহ্ন।
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বিখ্যাত আয়া সোফিয়া মসজিদের নিচে লুকিয়ে থাকা প্রাচীন সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ স্থাপনার সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। দীর্ঘদিন ধরে মাটি ও আবর্জনায় ঢাকা এসব জায়গা সংস্কারকাজের সময় পরিষ্কার করে সামনে আনা হচ্ছে। এখন পর্যন্ত সেখানে ৯টি সুড়ঙ্গ ও ৬টি ভূগর্ভস্থ কক্ষ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪২০ মিটার সুড়ঙ্গ পরিষ্কার করা হয়েছে। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মসজিদটির নিচে ও আশপাশে থাকা এসব স্থাপনা পরিষ্কার করতে প্রায় ৩ হাজার টন মাটি ও অন্যান্য আবর্জনা সরানো হয়েছে। গবেষকেরা মনে করছেন, এসব সুড়ঙ্গের কিছু অংশ রোমান বা বাইজেন্টাইন যুগের হতে পারে। তবে সব স্থাপনার সঠিক বয়স এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে পরীক্ষা ও গবেষণা চলছে।
সংস্কারকাজে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে সুড়ঙ্গগুলোর সঙ্গে প্রাচীন পানির ব্যবস্থার সম্ভাব্য সম্পর্ক। গবেষকদের ধারণা, এসব পথ একসময় বৃষ্টির পানি সরানো এবং বিভিন্ন জায়গায় পানি পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে। পুরোনো ইস্তাম্বুল শহরের পানি ব্যবস্থাপনা কীভাবে কাজ করত, তা বুঝতে এই স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। গবেষকদের নজরে এসেছে একটি সুড়ঙ্গ, যা দক্ষিণ দিকে কাছের বিখ্যাত বাসিলিকা সিস্টার্নের দিকে গেছে বলে ধারণা করা হচ্ছে। এটি ইস্তাম্বুলের প্রাচীন ভূগর্ভস্থ পানির সংরক্ষণাগারগুলোর একটি। তবে সুড়ঙ্গটির সঙ্গে ওই জলাধারের সরাসরি সংযোগ ছিল কি না, তা এখনো নিশ্চিত হয়নি।
এ ছাড়া একটি দীর্ঘ সুড়ঙ্গের দৈর্ঘ্য প্রায় ১৮০ মিটার পর্যন্ত পরিষ্কার করা হয়েছে। এটি আয়া সোফিয়ার প্রবেশপথের সামনের অংশের পাশ দিয়ে গেছে। গবেষকেরা পরীক্ষা করছেন, এর সঙ্গে প্রাচীন রোমান সড়কের কোনো সম্পর্ক ছিল কি না। তবে এ বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।ভূগর্ভস্থ একটি স্থানে পুরোনো সমাধি বা কবরের কাঠামোর চিহ্নও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এর কিছু অংশ বর্তমান আয়া সোফিয়া ভবন নির্মাণের আগের সময়ের হতে পারে। উল্লেখ্য, বর্তমান আয়া সোফিয়া ভবনটি বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের শাসনামলে ৫৩৭ খ্রিষ্টাব্দে নির্মিত হয়। এর আগে একই জায়গায় আরও পুরোনো উপাসনালয় ছিল।
আয়া সোফিয়ার ইতিহাসও বেশ দীর্ঘ। শুরুতে এটি গির্জা হিসেবে ব্যবহৃত হতো। ১৪৫৩ সালে উসমানীয়রা কনস্টান্টিনোপল দখলের পর এটিকে মসজিদে রূপান্তর করা হয়। পরে ১৯৩৪ সালে জাদুঘর করা হয় এবং ২০২০ সালে আবার মসজিদ হিসেবে চালু করা হয়। তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয় জানিয়েছেন, ভূগর্ভস্থ স্থাপনাগুলো পরিষ্কার, সংরক্ষণ ও গবেষণার কাজ চলছে। উপযুক্ত অংশ ভবিষ্যতে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে কবে নাগাদ সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারবেন, তা এখনো জানানো হয়নি।
দর্শনার্থীদের জন্য জায়গাগুলো খুলে দেওয়ার আগে নিরাপত্তা, ভবনের স্থায়িত্ব, বাতাস চলাচল এবং প্রবেশের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাই আপাতত গবেষণা ও সংরক্ষণের কাজই চলছে। আয়া সোফিয়ার নিচে পাওয়া এসব সুড়ঙ্গ ও কক্ষ শুধু একটি ঐতিহাসিক স্থাপনার অজানা অংশ সামনে আনছে না, বরং বহু শতাব্দী আগে ইস্তাম্বুলের মানুষ কীভাবে পানি সরবরাহ ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করত, সে সম্পর্কেও নতুন তথ্য জানার সুযোগ তৈরি করছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।