মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়ানোর পূর্বাভাস, আমেরিকানদের বেশি সন্তান নিতে বললেন লেভিট
২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যেতে পারে—পিউ রিসার্চ সেন্টারের এমন পূর্বাভাসের পর বিয়ে ও বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যেতে পারে ২০৩৫ সালের মধ্যেই। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের জনসংখ্যা পূর্বাভাস প্রকাশের পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে মার্কিন নাগরিকদের বিয়ে করা, বেশি সন্তান নেওয়া এবং সন্তানদের খ্রিস্টীয় ধর্মীয় পরিবেশে বড় করার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। সেখানে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, আরও সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’
পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে, ২০৩৫ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। অন্যদিকে খ্রিস্টান জনসংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি। অর্থাৎ ওই সময় মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের তুলনায় প্রায় পাঁচ কোটি বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
গবেষণায় জনসংখ্যা বৃদ্ধির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক কম গড় বয়স এবং উচ্চ জন্মহার। গবেষণার তথ্য অনুযায়ী, মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এ সংখ্যা ২ দশমিক ৫। ধর্মান্তরের তুলনায় জন্মহার ও জনগোষ্ঠীর বয়স কাঠামো এ পরিবর্তনে বেশি ভূমিকা রাখছে।
এদিকে লেভিটের মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁর সমর্থকেরা বিয়ে, পরিবার ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকেরা যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, আবাসন, শিশুদের পরিচর্যা ও স্বাস্থ্যসেবার খরচের বিষয়টি সামনে এনেছেন। তাঁদের মতে, আর্থিক চাপের কারণে অনেক পরিবারের জন্য বেশি সন্তান নেওয়া কঠিন হয়ে উঠেছে।
তবে পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে কোনো প্রতিযোগিতার কথা বলা হয়নি। বরং উভয় ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে, তবে মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার তুলনামূলক বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সংবাদসূত্র: পিউ রিসার্চ সেন্টার, দ্য ওয়াশিংটন পোস্ট।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।