হাম বাড়ছে ভার্জিনিয়ায়, এক শিশুর মৃত্যুতে সতর্ক করল স্বাস্থ্য বিভাগ
ভার্জিনিয়ায় দ্রুত বাড়ছে হামের সংক্রমণ। প্রাণঘাতী এই রোগে এক শিশুর মৃত্যুর পর সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে ছোট শিশু ও টিকা না নেওয়া ব্যক্তিদের বাড়তি সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে হামের সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে হামের সঙ্গে সম্পর্কিত এটিই প্রথম মৃত্যুর ঘটনা। শিশুটির বয়স ছিল চার বছরের কম। তবে পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য তার পরিচয় ও মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ভার্জিনিয়া স্বাস্থ্য বিভাগের ২০ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকায় নতুন করে ৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে বেশির ভাগ নতুন রোগী মধ্য ভার্জিনিয়ার কয়েকটি এলাকার বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের কেউ হামের টিকা নেননি, আবার কারও টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।
রয়টার্সের ২০ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ১৯ নভেম্বর পর্যন্ত ভার্জিনিয়ায় ২০২৬ সালে মোট ২২০ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। গত কয়েক দশকের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। সংক্রমণ বাড়তে থাকায় আরও নতুন রোগী শনাক্ত হওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ।হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি কিংবা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে অন্যরাও সহজেই সংক্রমিত হতে পারেন। জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। পরে মুখ থেকে শুরু হয়ে শরীরের বিভিন্ন অংশে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে।
চিকিৎসকদের মতে, ছোট শিশুদের ক্ষেত্রে এই রোগ মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। হামের কারণে ফুসফুসে সংক্রমণ, মস্তিষ্কে প্রদাহ এমনকি মৃত্যুও হতে পারে। এ পরিস্থিতিতে ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ সবাইকে হামের টিকা নেওয়ার বিষয়ে সতর্ক করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দুই ডোজ টিকা নিলে হামের বিরুদ্ধে প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। যাদের টিকা নেওয়া হয়নি বা টিকার বিষয়ে নিশ্চিত নন, তাদের চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, কারও জ্বর ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে, বিশেষ করে হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার ইতিহাস থাকলে, দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে সরাসরি হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে যাওয়ার আগে ফোন করে জানাতে হবে, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়। শিশুর মৃত্যুর ঘটনা এবং নতুন সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবকদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। টিকা নিশ্চিত করা এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলার মাধ্যমে এই রোগের বিস্তার কমানো সম্ভব বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।