হৃদরোগীরা প্রতিদিন ৯ ঘণ্টার বেশি ঘুমালে বাড়তে পারে মৃত্যুঝুঁকি, বলছে গবেষণা
হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘ সময় ঘুমানো স্বাস্থ্যের অবনতির সতর্কসংকেত হতে পারে। নতুন গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমানো ব্যক্তিদের মৃত্যুঝুঁকি ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো ব্যক্তিদের তুলনায় প্রায় ৫১ শতাংশ বেশি।
হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রতিদিন দীর্ঘ সময় ঘুমানো স্বাস্থ্যের অবনতির একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, যেসব প্রাপ্তবয়স্ক হৃদরোগী প্রতিদিন ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমান, তাঁদের মৃত্যুঝুঁকি তুলনামূলক কম সময় ঘুমানো ব্যক্তিদের চেয়ে বেশি। বিশেষ করে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো ব্যক্তিদের তুলনায় দীর্ঘ সময় ঘুমানো হৃদরোগীদের যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি প্রায় ৫১ শতাংশ বেশি পাওয়া গেছে।
২০২৬ সালের ১৩ নভেম্বর চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী প্লস ওয়ানে গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণাটির শিরোনাম ‘হৃদরোগে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের ঘুমের সময় ও মৃত্যুর কারণ’। গবেষণায় যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সাক্ষাৎকার জরিপ এবং জাতীয় মৃত্যুসূচির তথ্য ব্যবহার করা হয়েছে।
গবেষকেরা ২০০৪ সালের জাতীয় স্বাস্থ্য সাক্ষাৎকার জরিপে অংশ নেওয়া হৃদরোগে আক্রান্ত ৩ হাজার ২৮৭ জন প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করেন। তাঁদের ঘুমের সময় অনুযায়ী তিনটি দলে ভাগ করা হয়। প্রথম দলে ছিলেন প্রতিদিন ৬ ঘণ্টা বা তার কম ঘুমানো ব্যক্তি, দ্বিতীয় দলে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো ব্যক্তি এবং তৃতীয় দলে ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমানো ব্যক্তি।
অংশগ্রহণকারীদের মৃত্যুসংক্রান্ত তথ্য ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়। প্রায় ১৫ বছরের পর্যবেক্ষণে দেখা যায়, গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ৪৯ দশমিক ৪ শতাংশ মারা গেছেন। তাঁদের মধ্যে ১৬ দশমিক ৭ শতাংশের মৃত্যু হয়েছে হৃদ্রোগজনিত কারণে। অন্যদিকে ৩২ দশমিক ৬ শতাংশের মৃত্যু হয়েছে হৃদ্রোগ ছাড়া অন্যান্য কারণে।
গবেষণার ফলাফলে দেখা যায়, প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো ব্যক্তিদের তুলনায় ৯ ঘণ্টা বা তার বেশি ঘুমানো ব্যক্তিদের যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি ৫১ শতাংশ বেশি। হৃদ্রোগজনিত মৃত্যুর ঝুঁকি ৫৩ শতাংশ বেশি এবং হৃদ্রোগ ছাড়া অন্যান্য কারণে মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ বেশি পাওয়া গেছে।
গবেষকদের মতে, দীর্ঘ সময় ঘুমানোর সঙ্গে মৃত্যুঝুঁকির এই সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। তবে এর অর্থ এই নয় যে, বেশি ঘুমানোর কারণেই মানুষের মৃত্যু হচ্ছে। বরং দীর্ঘ সময় ঘুমানো শরীরের ভেতরে থাকা অন্য কোনো অসুস্থতা, শারীরিক দুর্বলতা কিংবা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে।
বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে, অতিরিক্ত ঘুমের পেছনে একাধিক কারণ থাকতে পারে। দীর্ঘস্থায়ী অসুস্থতা, বিষণ্নতা, ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাসের সমস্যা, শারীরিক কর্মক্ষমতা কমে যাওয়া এবং একাধিক রোগে আক্রান্ত হওয়ার কারণে মানুষের ঘুমের সময় বেড়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে নিয়মিত ওষুধ সেবনও ঘুমের সময়কে প্রভাবিত করতে পারে।
হৃদরোগীদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। কারণ, তাঁদের শরীর আগে থেকেই হৃদ্যন্ত্রের বিভিন্ন সমস্যার সঙ্গে লড়াই করে। এমন পরিস্থিতিতে ঘুমের সময় হঠাৎ বেড়ে যাওয়া, পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি থাকা কিংবা দিনের বেলায় বারবার ঘুমিয়ে পড়ার মতো পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
গবেষণায় আরও দেখা গেছে, দীর্ঘ সময় ঘুমানোর সঙ্গে মৃত্যুঝুঁকির সম্পর্ক বয়স ও নারী-পুরুষের ভেদেও মোটামুটি একই রকম ছিল। গবেষকেরা বিভিন্ন স্বাস্থ্যগত ও জীবনযাপনসংক্রান্ত বিষয় বিবেচনায় নিয়ে তথ্য বিশ্লেষণ করেছেন। এর মধ্যে ছিল শরীরের ওজন, ধূমপান, মদ্যপান, শারীরিক পরিশ্রম, উচ্চ রক্তচাপ, বহুমূত্র রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণের ইতিহাস।
তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, অংশগ্রহণকারীরা নিজেরাই তাঁদের ঘুমের সময় সম্পর্কে তথ্য দিয়েছিলেন। ফলে প্রকৃত ঘুমের সময়ের সঙ্গে তাঁদের দেওয়া তথ্যের কিছু পার্থক্য থাকতে পারে। দ্বিতীয়ত, গবেষণার শুরুতে ঘুমের সময়ের তথ্য নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাঁদের ঘুমের অভ্যাস পরিবর্তিত হয়েছিল কি না, তা নিয়মিতভাবে পরিমাপ করা হয়নি।
এ ছাড়া হৃদরোগের তীব্রতা, বিষণ্নতা, ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাসের সমস্যা এবং ওষুধের প্রভাবের মতো কিছু বিষয় পুরোপুরি নির্ণয় করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘ ঘুম ও মৃত্যুঝুঁকির মধ্যে সম্পর্ক পাওয়া গেলেও একটি অন্যটির সরাসরি কারণ, এমন সিদ্ধান্ত দেওয়া যায় না।
গবেষকেরা মনে করছেন, হৃদরোগীদের চিকিৎসার সময় তাঁদের ঘুমের সময় সম্পর্কে নিয়মিত তথ্য নেওয়া হলে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করতে সুবিধা হতে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘ সময় ঘুমানোর পরও ক্লান্ত থাকেন, তাঁদের ক্ষেত্রে অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন।
সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের পরামর্শ দেওয়া হয়। তবে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা এবং প্রয়োজন অনুযায়ী ঘুমের চাহিদা ভিন্ন হতে পারে। অসুস্থতা থেকে সেরে ওঠার সময় কারও বেশি ঘুমের প্রয়োজন হওয়াও স্বাভাবিক। তাই ৯ ঘণ্টার বেশি ঘুমালেই কেউ অসুস্থ বা মৃত্যুঝুঁকিতে রয়েছেন, এমন ধারণা সঠিক নয়।
হৃদরোগীদের জন্য গবেষণাটির মূল বার্তা হলো, ঘুমের সময়ের পরিবর্তনকে অবহেলা করা উচিত নয়। নিয়মিত চিকিৎসা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, স্বাস্থ্যকর খাবার, উপযুক্ত শারীরিক কার্যক্রম এবং মানসম্মত ঘুম হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ।
গবেষকদের মতে, দীর্ঘ সময় ঘুমানোকে সরাসরি মৃত্যুর কারণ হিসেবে না দেখে শরীরের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি বোঝার একটি সম্ভাব্য সতর্কসংকেত হিসেবে বিবেচনা করা উচিত। ভবিষ্যতে আরও গবেষণার মাধ্যমে দীর্ঘ ঘুমের সঙ্গে হৃদরোগীদের মৃত্যুঝুঁকির সম্পর্ক এবং এর পেছনের কারণগুলো আরও স্পষ্ট হতে পারে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।