২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আইনি নোটিশ, বিপদে অভিনেতা অনন্ত জলিলের ব্যবসা
ব্যাংকের বিপুল ঋণ পরিশোধ করতে না পারায় বড় ধরনের ব্যবসায়িক সংকটে পড়েছেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। ২২৬ কোটি টাকার বেশি পাওনা আদায়ে তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছে একটি বেসরকারি ব্যাংক।
ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় বড় ধরনের ব্যবসায়িক সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত। তাঁর মালিকানাধীন একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এরই মধ্যে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে ব্যাংকটির এই টাকা পাওনা রয়েছে।
ব্যাংকের আইনি নোটিশে বলা হয়েছে, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ নতুন করে পরিশোধের সময়সূচিতে আনা হয়। পরে ঋণের কিছু অংশ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন।
তবে গত ২ নভেম্বর ব্যাংকে চেকটি জমা দেওয়ার পর হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এরপর পাওনা টাকা আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রীকে আইনি নোটিশ পাঠায় ব্যাংক। নোটিশে আগামী ৩০ দিনের মধ্যে পাওনা টাকা পরিশোধের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে তাঁদের বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেও। তাঁর ভাষ্য, করোনা মহামারির সময় কারখানায় কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা চালু রাখতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল। পরে সেই ঋণের সঙ্গে সুদ যুক্ত হয়ে দেনার পরিমাণ অনেক বেড়ে যায়।
এদিকে ঋণের চাপের কারণে তাঁর একাধিক কারখানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এতে ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। ব্যবসা চালু রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন তিনি। এমনকি কারখানাগুলো অন্য প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার চেষ্টাও করেছেন। তবে এখন পর্যন্ত আশানুরূপ সাড়া পাননি বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে।
এর পাশাপাশি অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বকেয়া বিল ও গ্যাস চুরির অভিযোগের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। অনন্ত জলিলের দাবি, ব্যাংকের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি থেকে ব্যবসা ঘুরিয়ে দাঁড়ানো কঠিন।
একসময় তৈরি পোশাকশিল্পে বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন অনন্ত জলিল। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তবে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে ব্যাংকের পাওনা পরিশোধ এবং কারখানাগুলোর কার্যক্রম চালু রাখাই তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এখনো তাঁকে আদালত আনুষ্ঠানিকভাবে দেউলিয়া ঘোষণা করেনি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।