ব্রাজিল নির্বাচনের আগে বড় নিরাপত্তা সতর্কতা, মার্কিন কনস্যুলার সেবা বন্ধ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই দিন আগে নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্রের কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছে। একই সময়ে অস্ট্রেলিয়ার দূতাবাসও বন্ধ রাখা হয়েছে।

ব্রাজিল নির্বাচনের আগে বড় নিরাপত্তা সতর্কতা, মার্কিন কনস্যুলার সেবা বন্ধ

ব্রাজিল নির্বাচনের আগে বড় নিরাপত্তা সতর্কতা, মার্কিন কনস্যুলার সেবা বন্ধ


ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই দিন আগে নিরাপত্তা উদ্বেগের কারণে দেশটিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোর কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। তবে ঠিক কী ধরনের নিরাপত্তা হুমকির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। জরুরি সহায়তার প্রয়োজন হলেও মার্কিন নাগরিকদের দূতাবাস, কনস্যুলেট বা অন্যান্য কূটনৈতিক স্থাপনায় সরাসরি যেতে নিষেধ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তারা ব্রাজিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতার পর একই দিনে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অস্ট্রেলিয়ার দূতাবাসও বন্ধ রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সোফি ডেভিস দেশটির নাগরিকদের মার্কিন কূটনৈতিক স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার এই নিরাপত্তা পদক্ষেপের সঙ্গে ৪ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি।

এর মধ্যেই ব্রাজিলের ফেডারেল পুলিশ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে সম্ভাব্য হুমকির তদন্ত শুরু করেছে। সাও পাওলো ও ফেডারেল ডিস্ট্রিক্টে চালানো অভিযানে কিছু যোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কথিত হুমকির সঙ্গে কোনো সন্দেহভাজনের অপরাধী সংগঠনের সম্পৃক্ততার নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

আগামী ৪ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, সিনেটর ফ্লাভিও বলসোনারোসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো প্রার্থী প্রথম দফায় ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।

সিএসবি নিউজ-এর আরও খবর