রোমে ইইউ-ইতালি বৈঠক, লোহিত সাগরে অ্যাসপিডেস জোরদারের আহ্বান
রোমে ইতালির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে লোহিত সাগরে ইইউর অ্যাসপিডেস মিশনে আরও জাহাজ যুক্ত করা এবং ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন কাজা কালাস।
রোমে ইইউ-ইতালি বৈঠক, লোহিত সাগরে অ্যাসপিডেস জোরদারের আহ্বান
ইতালির রাজধানী রোমে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির প্রধান কাজা কালাসের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ও প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোজেত্তোর বৈঠক হয়েছে। ২ অক্টোবরের বৈঠকে লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অপারেশন অ্যাসপিডেসকে আরও শক্তিশালী করা, ইউক্রেন যুদ্ধ, ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা এবং লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে লোহিত সাগর ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাসপিডেস মিশনে আরও সক্ষমতা যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। ইতালির প্রতিরক্ষামন্ত্রী ক্রোজেত্তো বলেন, মিশনকে তার দায়িত্ব কার্যকরভাবে পালনের জন্য আরও শক্তিশালী ইউরোপীয় অবদান প্রয়োজন। ইতালি এরই মধ্যে অ্যাসপিডেসে উল্লেখযোগ্য সামরিক ও নৌ সহায়তা দিয়ে আসছে।
অপারেশন অ্যাসপিডেস মূলত লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজ ও তাদের নাবিকদের সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ সচল রাখতে কাজ করে। ইইউর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মিশনটি শুরু হওয়ার পর থেকে এটি প্রায় দুই হাজার বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করেছে এবং শত শত জাহাজকে সুরক্ষা দিয়েছে।
বৈঠকে ইউক্রেনের যুদ্ধ ও ইউরোপীয় নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। তাজানি ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি হাইব্রিড হুমকি ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ইউরোপীয় প্রতিক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া লেবাননের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের নতুন মিশন নিয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে ইউরোপের সামগ্রিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।