স্পেনের পার্লামেন্টের সামনে শত শত মানুষের বিক্ষোভ, আবাসন সংকটে বাড়ছে ক্ষোভ
৮৭ বছর বয়সী এক নারীকে দীর্ঘদিনের বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় স্পেনে আবাসন সংকট নিয়ে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে। জরুরি ব্যবস্থা চেয়ে পার্লামেন্টের সামনে জড়ো হয়েছেন শত শত মানুষ।
স্পেনের পার্লামেন্টের সামনে শত শত মানুষের বিক্ষোভ, আবাসন সংকটে বাড়ছে ক্ষোভ
স্পেনের আবাসন সংকট মোকাবিলায় সরকারের প্রস্তাবিত জরুরি ব্যবস্থার ওপর পার্লামেন্টে ভোটের দিন মাদ্রিদে স্প্যানিশ পার্লামেন্টের বাইরে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। ভাড়াটিয়াদের সুরক্ষা, উচ্ছেদ ঠেকানো এবং বাড়িভাড়ার ক্রমবর্ধমান চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে তারা পার্লামেন্টের সামনে জড়ো হন। একই দাবিতে এর আগে স্পেনের বিভিন্ন শহরেও বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে ৮৭ বছর বয়সী মারিয়া দেল কারমেন আবাসকাল, যিনি ‘মারিকেরমেন’ নামে পরিচিত। গত ২৩ সেপ্টেম্বর মাদ্রিদে দীর্ঘদিনের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়। তিনি প্রায় ৭০ বছর ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন। তাকে স্ট্রেচারে করে বাড়ি থেকে বের করে নেওয়ার দৃশ্য প্রকাশ্যে আসার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং স্পেনের আবাসন সংকট নিয়ে ক্ষোভ আরও তীব্র হয়।
ঘটনার পর স্পেন সরকার আবাসন সংকট মোকাবিলায় দুটি জরুরি ব্যবস্থা অনুমোদনের জন্য পার্লামেন্টে তোলে। প্রস্তাবগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ ভাড়াটিয়াদের উচ্ছেদ সাময়িকভাবে স্থগিত রাখা, ভাড়াটিয়াদের সুরক্ষা বাড়ানো, স্বল্পমেয়াদি ভাড়ার ওপর নিয়ন্ত্রণ এবং আবাসন সরবরাহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপের কথা রয়েছে। এসব ব্যবস্থা কার্যকর করতে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন।
তবে সরকারের প্রস্তাবিত ব্যবস্থা নিয়ে পার্লামেন্টে রাজনৈতিক মতবিরোধ তৈরি হয়েছে। কাতালান দল জুনৎস, প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং ভক্স—তিন পক্ষই প্রস্তাবগুলোর বিরোধিতা করার অবস্থান জানিয়েছে। ফলে সরকারের আবাসনসংক্রান্ত জরুরি ব্যবস্থাগুলো পার্লামেন্টে অনুমোদন পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে ৮৭ বছর বয়সী মারিকেরমেনের ঘটনাও নতুন মোড় নিয়েছে। ব্যাপক জনচাপ ও প্রতিবাদের পর তাকে আবার নিজের পুরোনো বাড়িতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাড়ির মালিকপক্ষের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তার উচ্ছেদের ঘটনাটি স্পেনে আবাসন অধিকার ও ভাড়াটিয়াদের নিরাপত্তা নিয়ে চলমান বিতর্কের একটি গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়েছে।
স্পেনে গত কয়েক বছরে বাড়িভাড়া ও আবাসন ব্যয় নিয়ে মানুষের চাপ বেড়েছে। বিশেষ করে বড় শহরগুলোতে সাশ্রয়ী আবাসনের সংকট নিয়ে ভাড়াটিয়া সংগঠন ও নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই পার্লামেন্টের সামনে নতুন এই বিক্ষোভ দেশটির আবাসন সংকট নিয়ে সরকারের ওপর চাপ আরও বাড়িয়েছে।