পাইলটদের সংঘর্ষে মাঝ আকাশে বিপদ, সৌদিতে জরুরি অবতরণ দুবাই-তেল আবিব ফ্লাইটের
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটদের মধ্যে সংঘর্ষের পর জরুরি সংকেত পাঠানো হয়। পরে সৌদি আরবের তাবুকে নিরাপদে অবতরণ করে বিমানটি।
পাইলটদের সংঘর্ষে মাঝ আকাশে বিপদ, সৌদিতে জরুরি অবতরণ দুবাই-তেল আবিব ফ্লাইটের
দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান পাইলটদের মধ্যে সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ করেছে। বুধবার ফ্লাইট এফজেড১০৭৩ দুবাই থেকে উড্ডয়নের প্রায় আড়াই ঘণ্টা পর জরুরি সংকেত পাঠায়। এরপর বিমানটি দ্রুত উচ্চতা হারিয়ে প্রায় ৩৩ হাজার ফুট থেকে প্রায় ১৭ হাজার ফুটে নেমে আসে। পরে বিমানটি সৌদি আরবের দিকে ঘুরে তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ঘটনার পর বিমানের ক্যাপ্টেন ও কো-পাইলট দুজনই আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ফ্লাইদুবাই জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রী নিরাপদে আছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ককপিটে দুই পাইলটের মধ্যে শারীরিক সংঘর্ষের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং জরুরি সংকেত পাঠানো হয়। সম্ভাব্য ছিনতাইয়ের আশঙ্কায় ইসরায়েলি বিমানবাহিনী যুদ্ধবিমানও আকাশে পাঠিয়েছিল। তবে ইসরায়েলি কর্মকর্তারা পরে জানান, ঘটনাটিকে ছিনতাই হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
এএফপির প্রতিবেদনে এক যাত্রীর পরিবারের সদস্যের বরাতে বলা হয়েছে, সংঘর্ষের সময় একজন পাইলট ছুরি ব্যবহার করেছিলেন এবং ককপিটে রক্ত দেখা যায়। তবে এই বিস্তারিত তথ্যের সবকিছু এখনো বিমান সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তাই ঘটনার প্রকৃত কারণ এবং ককপিটে ঠিক কী ঘটেছিল, তা জানতে তদন্ত চলছে।