কালিনিনগ্রাদ বিচ্ছিন্নের চেষ্টা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি রাশিয়ার

কালিনিনগ্রাদকে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলে পারমাণবিক অস্ত্রসহ সব সামরিক সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

কালিনিনগ্রাদ বিচ্ছিন্নের চেষ্টা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি রাশিয়ার

কালিনিনগ্রাদ বিচ্ছিন্নের চেষ্টা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি রাশিয়ার


কালিনিনগ্রাদ অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার কোনো চেষ্টা করা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রয়টার্সের দেখা ন্যাটোর কাছে পাঠানো একটি কূটনৈতিক নথিতে রাশিয়া বলেছে, ন্যাটো দেশগুলো কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নিলে নিজেদের ভূখণ্ড রক্ষায় রাশিয়া তার হাতে থাকা সব ধরনের সামরিক সক্ষমতা, যার মধ্যে পারমাণবিক অস্ত্রও রয়েছে, ব্যবহার করতে প্রস্তুত থাকবে।

রাশিয়া ন্যাটোর বর্তমান সামরিক কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেছে এবং সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। নথিতে প্রয়োজনে ন্যাটোভুক্ত দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোতে হামলার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

কালিনিনগ্রাদ রাশিয়ার একটি বিচ্ছিন্ন ভূখণ্ড, যা পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে বাল্টিক সাগরের তীরে অবস্থিত। অঞ্চলটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি স্থলসীমান্তে যুক্ত নয় এবং সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে বাল্টিক অঞ্চলে ন্যাটোর সামরিক মহড়া ও অবকাঠামো নিরাপত্তা কার্যক্রমকে কেন্দ্র করে মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে।

অন্যদিকে ন্যাটো বলেছে, জোটটি প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং তাদের কোনো মহড়া বা কার্যক্রম রাশিয়ার ভূখণ্ডের জন্য হুমকি তৈরি করছে না। ন্যাটো রাশিয়াকে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে পারমাণবিক অস্ত্র নিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন বক্তব্য’ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে।

সিএসবি নিউজ-এর আরও খবর