সিরিয়ার আলেপ্পোতে সেনাবাহিনীর অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪

রাতের আকাশে বিশাল আগুনের গোলা, আলেপ্পোর কাছে সিরীয় সেনাবাহিনীর গোলাবারুদ গুদামে ভয়াবহ বিস্ফোরণে আহত চার, কারণ ঘিরে রহস্য।

সিরিয়ার আলেপ্পোতে সেনাবাহিনীর অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪

সিরিয়ার আলেপ্পোতে সেনাবাহিনীর অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪


সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সেনাবাহিনীর একটি অস্ত্র ও গোলাবারুদ গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২১ সেপ্টেম্বর ২০২৬ ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-ইস এলাকার কাছে প্রথম বিস্ফোরণের পর একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। দূর থেকেও আগুনের বিশাল গোলা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। 


সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ঘটনাস্থলটি সিরীয় সেনাবাহিনীর একটি সামরিক স্থাপনা। প্রাথমিক বিস্ফোরণের পর সেখানে থাকা গোলাবারুদে ধারাবাহিক বিস্ফোরণ শুরু হয়। বিস্ফোরণের শব্দ আশপাশের কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। 


দেশটির জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঘটনায় চারজন আহত হয়েছেন। একজন বেসামরিক ব্যক্তি ছররার আঘাতে আহত হন, দুজন সাময়িক শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং বিস্ফোরণস্থল থেকে সরে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আরও একজন আহত হন। 


বিস্ফোরণ চলতে থাকায় প্রথম দিকে উদ্ধারকারী ও অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলের কাছে যেতে পারছিল না। পরে সিভিল ডিফেন্স সদস্যরা আহতদের সরিয়ে নেন এবং আশপাশের তিনটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।


নিরাপত্তার কারণে ঘটনাস্থলের দিকে যাওয়া বিভিন্ন সড়ক এবং আলেপ্পো-দামেস্ক মহাসড়কের অংশবিশেষ সাময়িকভাবে বন্ধ করা হয়। কর্তৃপক্ষ ছররা ও অবিস্ফোরিত গোলাবারুদের ঝুঁকির কারণে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেয়। 


বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত নয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারণ অনুসন্ধান করছে এবং তদন্ত শেষ হলে ফল প্রকাশ করা হবে। ফলে এটি বিমান হামলা, নাশকতা নাকি গোলাবারুদ সংরক্ষণসংক্রান্ত দুর্ঘটনা এ মুহূর্তে কোনো একটি কারণকে নিশ্চিত বলা যাচ্ছে না। 


ঘটনাটি বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ সেপ্টেম্বরেই সিরিয়ার বিভিন্ন সামরিক অস্ত্র ও গোলাবারুদ স্থাপনায় একাধিক বিস্ফোরণ ঘটেছে। রয়টার্সের হিসাবে, আল-ইসের ঘটনাটি চলতি মাসে এ ধরনের চতুর্থ বিস্ফোরণ।

সিএসবি নিউজ-এর আরও খবর