শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে রাব্বী হত্যা মামলার আবেদন, তদন্তের নির্দেশ

খিলগাঁওয়ে বিএনপি কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের ঘটনায় শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে রাব্বী হত্যা মামলার আবেদন, তদন্তের নির্দেশ

শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে রাব্বী হত্যা মামলার আবেদন, তদন্তের নির্দেশ


রাজধানীর খিলগাঁও এলাকায় ২০২৪ সালের ৫ আগস্ট গুলিতে বিএনপি কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ মোট ১২৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে।


রাব্বীর মামা নাঈম কলিমুল্লাহ সরকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আগামী ২ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 


মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও সাবেক আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীদের মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, তারিক আহমেদ সিদ্দিকী, আনিসুল হক, হাছান মাহমুদ, কামরুল ইসলাম, হাসানুল হক ইনু, আসাদুজ্জামান নূর, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবীর নানক, রাশেদ খান মেনন, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আব্দুর রাজ্জাক ও শেখ ফজলুল করিম সেলিমসহ আরও কয়েকজনের নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 


এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও মামলায় আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বেনজীর আহমেদ, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম রয়েছে। পাশাপাশি এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশীদ এবং সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের নামও মামলার তালিকায় রয়েছে। 


মামলার বিবরণ অনুযায়ী, জাহিদ হোসেন রাব্বী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশায় তিনি ফটোগ্রাফার ও গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় দুপুরের দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিএসবি নিউজ-এর আরও খবর