কেশম দ্বীপে পরিবারের বাড়িতে যুক্তরাষ্ট্রের ২,০০০ পাউন্ডের বোমা হামলা, নিহত দম্পতি ও শিশু
যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার গভীর রাতে ইরানের কেশম (Qeshm) দ্বীপে একটি পারিবারিক বাড়িতে বড় আকারের একটি বোমা হামলা চালিয়েছে বলে অস্ত্র বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং ভিডিও, ছবি ও স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় এক দম্পতি এবং তাদের দুই বছর বয়সী ছেলে নিহত হয়েছে। তবে দম্পতির অপর দুই সন্তানকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে
কেশম দ্বীপে পরিবারের বাড়িতে যুক্তরাষ্ট্রের ২,০০০ পাউন্ডের বোমা হামলা, নিহত দম্পতি ও শিশু
যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার গভীর রাতে ইরানের কেশম (Qeshm) দ্বীপে একটি পারিবারিক বাড়িতে বড় আকারের একটি বোমা হামলা চালিয়েছে বলে অস্ত্র বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং ভিডিও, ছবি ও স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় এক দম্পতি এবং তাদের দুই বছর বয়সী ছেলে নিহত হয়েছে। তবে দম্পতির অপর দুই সন্তানকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরণে সৃষ্ট গর্তের আকার এবং ঘটনাস্থলে পাওয়া গোলাবারুদের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন, হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সবচেয়ে বড় প্রচলিত (কনভেনশনাল) বোমাগুলোর একটি, ২,০০০ পাউন্ড ওজনের মার্ক-৮৪ (Mark-84) বোমা ব্যবহার করা হয়েছে। হামলার স্থান ও সময়ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই প্রমাণ নতুন প্রশ্ন তুলেছে—যুক্তরাষ্ট্র আসলে কী লক্ষ্যবস্তুতে হামলা করেছিল এবং কেন এত বড় বোমা ব্যবহার করা হয়েছিল।
হামলাটি কেশম দ্বীপের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় সংঘটিত হয়। দ্বীপটি ইরানের দক্ষিণে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অবস্থিত। ধারণা করা হচ্ছে, এটি ছিল যুক্তরাষ্ট্রের ধারাবাহিক প্রতিশোধমূলক হামলার অংশ, যা জর্ডানে মার্কিন বাহিনী ব্যবহৃত একটি ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে চালানো হয়েছিল।
দ্য নিউইয়র্ক টাইমস-এর অনুসন্ধানে ওই পরিবারের বাড়ির আশপাশে কোনো সামরিক স্থাপনার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া হামলায় কোনো সামরিক সদস্য নিহত হওয়ারও তথ্য প্রকাশ করেনি ইরান, যদিও এ ধরনের ঘটনা সাধারণত দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।