যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন পর্যায়ে: সৌদি আরব ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানে যুক্ত, কূটনীতি আবারও স্থবির
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। সৌদি আরব প্রকাশ্যে তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্ত হয়েছে। একই সময়ে যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা আবারও থমকে গেছে, কারণ দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও গভীর হয়েছে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন পর্যায়ে: সৌদি আরব ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানে যুক্ত, কূটনীতি আবারও স্থবির
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। সৌদি আরব প্রকাশ্যে তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্ত হয়েছে। একই সময়ে যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা আবারও থমকে গেছে, কারণ দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও গভীর হয়েছে।
গত কয়েক দিন তুলনামূলক শান্ত থাকলেও, গত ২৪ ঘণ্টায় উভয় পক্ষ নতুন করে সামরিক হামলা চালিয়েছে। এতে পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা বেড়েছে এবং সংঘাত আরও বিস্তৃত হয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি, এই সংকট থেকে বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্র বা ইরানের কোনো সুস্পষ্ট কৌশল রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা সাম্প্রতিক দিনগুলোতে দাবি করে আসছেন যে ইরান আলোচনায় ফিরতে আগ্রহী। তবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার জানান, গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তেহরান আলোচনার টেবিলে ফেরার জন্য কোনো অনুরোধ করেনি।
জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বুধবার ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন,
"তারা ইতোমধ্যেই ক্ষমা চেয়েছে, কিন্তু তাদের একটু শিক্ষা দিতেই হবে। এবার আমাদের পালা। ভবিষ্যতে কোনো সমঝোতায় পৌঁছানো যায় কি না, দেখা যাবে। তবে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব।"
এর কয়েক ঘণ্টা পর মার্কিন সামরিক বাহিনী জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর আগের দিনের কথিত ইরানি হামলার চেষ্টার জবাবে তারা "শক্তিশালী প্রতিক্রিয়া" হিসেবে নতুন হামলা চালিয়েছে। তবে কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে তথ্য প্রকাশ করা হয়নি।
পরিস্থিতিতে এক ধরনের 'ডেজা ভু' বা আগের ঘটনার পুনরাবৃত্তির অনুভূতি তৈরি হয়েছে। গত কয়েক মাস ধরে ট্রাম্প একদিকে দাবি করে আসছেন যে যুদ্ধ ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতা খুব কাছাকাছি, অন্যদিকে আবার কঠোর ভাষা ও সামরিক হুমকি দিয়ে তেহরানকে মার্কিন শর্ত মেনে নিতে চাপ দিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত সেই কৌশলে কোনো কার্যকর ফল পাওয়া যায়নি।
সূত্র: এপি