সিরিয়ার একটি শহরে অগ্রসর হতে গিয়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা
দক্ষিণ সিরিয়ার আবদিন শহরে ইসরায়েলি সেনা ও সামরিক যান প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা রাস্তা পাথর দিয়ে অবরোধ করে। এ সময় কিছু তরুণ ও কিশোর ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে তাদের দিকে পাথর নিক্ষেপ করে
সিরিয়ার একটি শহরে অগ্রসর হতে গিয়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা
দক্ষিণ সিরিয়ার আবদিন শহরে ইসরায়েলি সেনা ও সামরিক যান প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা রাস্তা পাথর দিয়ে অবরোধ করে। এ সময় কিছু তরুণ ও কিশোর ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে তাদের দিকে পাথর নিক্ষেপ করে।
ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন জাতিসংঘ-তত্ত্বাবধায়ক বাফার জোনকে ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে উত্তেজনা বেড়েছে। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠতে পারে। রোববার আবদিনের বাসিন্দারা ইসরায়েলি সেনাদের অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রথমে ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেয়াল ও জনতার মাঝখানে সতর্কতামূলক গুলি ছোড়ে। পরে তারা গ্রাম লক্ষ্য করে আর্টিলারি শেল নিক্ষেপ করে। এতে কেউ হতাহত না হলেও অধিকাংশ বাসিন্দা গ্রাম ছেড়ে পালিয়ে যান এবং সোমবার পর্যন্ত অনেকেই ফিরে আসতে সাহস পাননি। তাদের আশঙ্কা, এই সংঘর্ষের পর ভবিষ্যতে আরও ঘনঘন অভিযান ও তল্লাশি চালানো হতে পারে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আল-হাসান একটি বিস্ফোরিত গোলার পাশে দাঁড়িয়ে বলেন,
"তারা নিয়মিত, প্রতি কয়েক দিন পরপর গ্রামে আসে। সাঁজোয়া ৪×৪ গাড়িতে করে ঢুকে গ্রাম ঘুরে বেড়ায়, বাড়িঘর তল্লাশি করে। দরজায় কড়া নাড়ার পর কেউ সাড়া না দিলে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তখন নারী ও শিশুরা চিৎকার শুরু করে। তাদের এখানে আসাটাই আমাদের জন্য ভয়াবহ অভিজ্ঞতা।"
ইসরায়েলের দাবি: নিরাপত্তার জন্য বাফার জোন প্রয়োজন
২০২৪ সালের ডিসেম্বরে সাবেক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল দক্ষিণ সিরিয়ার জাতিসংঘ-পর্যবেক্ষিত বাফার জোনের নিয়ন্ত্রণ গ্রহণ করে।
সে সময় ইসরায়েলি কর্মকর্তারা বলেছিলেন, সীমান্তকে সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে রক্ষা করার জন্য এটি একটি অস্থায়ী নিরাপত্তামূলক ব্যবস্থা। তবে সম্প্রতি দেশটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, তারা দক্ষিণ সিরিয়ার এই বাফার জোন অনির্দিষ্টকালের জন্য দখলে রাখার পরিকল্পনা করছেন।