ইরান সমঝোতা ভেঙেছে তবুও আলোচনার পথ খোলা- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তার অভিযোগ, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে তেহরান কার্যত দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা ভঙ্গ করেছে।
ইরান সমঝোতা ভেঙেছে তবুও আলোচনার পথ খোলা- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে আগ্রহী। তবে তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইরান কার্যত দুই দেশের মধ্যে হওয়া একটি সমঝোতা (Memorandum of Understanding) অকার্যকর করে দিয়েছে।
ফিলিপাইনে আসিয়ান (ASEAN) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে এবং সেখানে কোনো ধরনের হামলা বা বাধা সৃষ্টি করা হবে না।
কিন্তু তার দাবি, গত সপ্তাহের শেষদিকে ইরান তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যা ওই সমঝোতার শর্তের পরিপন্থী।
রুবিও বলেন, “যুক্তরাষ্ট্র সবসময় কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত। তবে সেটি হতে হবে বাস্তবসম্মত এবং এমন একটি চুক্তি, যা উভয় পক্ষ মেনে চলবে।”
সমঝোতাটি কার্যত শেষ হয়ে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের কর্মকাণ্ডই সেই প্রশ্নের উত্তর দিয়েছে।
তবে উত্তেজনা সত্ত্বেও তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন এখনো আলোচনার দরজা বন্ধ করেনি। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের আগে ইরানকে তার আচরণে পরিবর্তন আনতে হবে।