ফিটনেস সাপ্লিমেন্টে লিভারের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন বিশেষজ্ঞ

সামাজিক যোগাযোগমাধ্যমে ফিটনেস, দ্রুত ওজন কমানো কিংবা পেশি গঠনের নানা পরামর্শ এখন তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তবে চিকিৎসকদের সতর্কবার্তা—অতিরিক্ত বা অনিয়ন্ত্রিতভাবে ফিটনেস সাপ্লিমেন্ট গ্রহণ লিভারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে

PostImage

ফিটনেস সাপ্লিমেন্টে লিভারের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন বিশেষজ্ঞ


সামাজিক যোগাযোগমাধ্যমে ফিটনেস, দ্রুত ওজন কমানো কিংবা পেশি গঠনের নানা পরামর্শ এখন তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তবে চিকিৎসকদের সতর্কবার্তা—অতিরিক্ত বা অনিয়ন্ত্রিতভাবে ফিটনেস সাপ্লিমেন্ট গ্রহণ লিভারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

ভারতের বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. যশবন্ত এইচ এস এক সাক্ষাৎকারে বলেন, শরীরে গ্রহণ করা প্রতিটি খাবার বা সাপ্লিমেন্ট লিভারের মাধ্যমে বিপাকক্রিয়ার মধ্যে যায়। ফলে ভুলভাবে বা অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণ করলে লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং দীর্ঘমেয়াদে জটিলতা তৈরি হতে পারে।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, বাজারে বিক্রি হওয়া অনেক ওভার-দ্য-কাউন্টার ফিটনেস পণ্য যথাযথভাবে নিয়ন্ত্রিত নয়। অনেক ক্ষেত্রে এসব পণ্যের উপাদান পুরোপুরি প্রকাশ করা হয় না। ফলে ব্যবহারকারীরা অজান্তেই ক্ষতিকর উপাদান গ্রহণ করছেন।

অতিরিক্ত প্রোটিনেও ঝুঁকি

বর্তমানে উচ্চ-প্রোটিন ডায়েট ও প্রোটিন সাপ্লিমেন্ট ফিটনেস সচেতনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন—বিশেষ করে কৃত্রিম সাপ্লিমেন্ট থেকে নেওয়া প্রোটিন—লিভার ও কিডনির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডা. যশবন্ত বলেন, শরীরের প্রয়োজনের বেশি প্রোটিন দীর্ঘদিন গ্রহণ করলে তা বিপাকীয় চাপ তৈরি করে। তাই অপ্রয়োজনে সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করে প্রাকৃতিক উৎস থেকে প্রোটিন গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।

ফ্যাট বার্নার’ ও প্রি-ওয়ার্কআউটেও বিপদ

দ্রুত ওজন কমানো বা ব্যায়ামে শক্তি বাড়ানোর আশায় অনেকে ফ্যাট বার্নার ও প্রি-ওয়ার্কআউট সাপ্লিমেন্ট ব্যবহার করছেন। চিকিৎসকদের মতে, এসব পণ্যের কিছু উপাদান লিভারে প্রদাহ ও বিষক্রিয়ার ঝুঁকি বাড়াতে পারে, বিশেষ করে একাধিক সাপ্লিমেন্ট একসঙ্গে গ্রহণ করলে।

একসঙ্গে বহু সাপ্লিমেন্ট গ্রহণে বাড়ছে ক্ষতি

ফিটনেস সংস্কৃতিতে ‘স্ট্যাকিং’ বা একাধিক সাপ্লিমেন্ট একসঙ্গে গ্রহণের প্রবণতাও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া বিভিন্ন কোম্পানির সাপ্লিমেন্ট একত্রে গ্রহণ করলে লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।

যেসব লক্ষণ অবহেলা নয়

লিভার সমস্যার প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ শারীরিক দুর্বলতার মতো মনে হতে পারে। তবে চিকিৎসকদের মতে, নিচের উপসর্গগুলো দেখা দিলে দ্রুত পরীক্ষা করা জরুরি—

সবসময় ক্লান্ত লাগা

ক্ষুধামন্দা

পেটব্যথা বা বমিভাব

চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)

গাঢ় রঙের প্রস্রাব

হঠাৎ ওজন পরিবর্তন

বিশেষজ্ঞদের পরামর্শ, শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ড দেখে কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। পুষ্টির চাহিদা পূরণে প্রাকৃতিক খাবারকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।