হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত আইডিএফ সেনা, ইরানের খার্গ দ্বীপের কাছে বিশাল তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইসরাইল-হিজবুল্লাহ সংঘর্ষ, ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রের কাছে রহস্যজনক তেল ছড়িয়ে পড়া এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। উত্তর ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন ইসরাইলি সেনারা, অন্যদিকে ইরানের খার্গ দ্বীপের কাছে স্যাটেলাইটে ধরা পড়েছে বিশাল তেলের স্তর।

PostImage

হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত আইডিএফ সেনা, ইরানের খার্গ দ্বীপের কাছে বিশাল তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা


উত্তর ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন হামলায় অন্তত তিনজন ইসরাইলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সীমান্তবর্তী এলাকায় চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে।

পরে হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করে, তারা ইসরাইলের উত্তরাঞ্চলের নাহারিয়ার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সংগঠনটি জানায়, দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।

এর আগে ইসরাইল বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করেছে বলে খবর প্রকাশিত হয়। প্রায় এক মাস পর ওই এলাকায় এটিই ছিল প্রথম বড় হামলা।

এদিকে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে স্যাটেলাইট চিত্রে বিশাল তেল ছড়িয়ে পড়ার সম্ভাব্য দৃশ্য ধরা পড়েছে। ইউরোপীয় কপারনিকাস সেন্টিনেল স্যাটেলাইটের ৬ থেকে ৮ মে পর্যন্ত ধারণ করা ছবিতে দ্বীপটির পশ্চিমে সমুদ্রজুড়ে ধূসর ও সাদা রঙের বড় তেলের স্তর দেখা যায়।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, তেল দূষণের এই এলাকা প্রায় ৪৫ বর্গকিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। যদিও এখন পর্যন্ত তেল ছড়িয়ে পড়ার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

খার্গ দ্বীপ ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানির কেন্দ্র হওয়ায় ঘটনাটি আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। চলমান যুদ্ধ ও নৌ অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে শত শত জাহাজ আটকা পড়েছে এবং বৈশ্বিক তেলের সরবরাহ ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে কানাডার টরন্টোতে একটি সিনাগগের বাইরে দাঁড়িয়ে থাকা তিনজনকে লক্ষ্য করে একটি চলন্ত গাড়ি থেকে পেলেট গান সদৃশ অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে একজন সামান্য আহত হয়েছেন। ঘটনাটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সাম্প্রতিক হামলার সঙ্গে সম্পর্কিত কিনা তা তদন্ত করছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী Marco Rubio জানিয়েছেন, চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব আজই ইরানের কাছ থেকে আশা করছে ওয়াশিংটন।

সিএসবি নিউজ-এর আরও খবর