আদালতের নির্দেশ অমান্য করে অভিবাসীকে ফের গ্রেপ্তার, আইসের কাজ নিয়ে প্রশ্ন তুললেন বিচারক
আদালতের নির্দেশে মুক্তি পেয়েও বাইরে বের হওয়ার পর আবার গ্রেপ্তার এক অভিবাসী। এমন ঘটনায় আইসের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছেন কলোরাডোর এক ফেডারেল বিচারক।
আদালতের নির্দেশে কারাগার থেকে মুক্তি পেয়েও স্বস্তি পাননি এক অভিবাসী। মুক্তির পরপরই তাঁকে আবার গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইস। এ ঘটনায় সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলেছেন কলোরাডোর এক ফেডারেল বিচারক। একই সঙ্গে তাঁদের কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বিচারক শার্লট সুইনি তাঁর দেওয়া এক লিখিত আদেশে বলেছেন, আদালতের নির্দেশে কাউকে মুক্তি দেওয়ার পরপরই আবার আটক করার ঘটনা আদালতের আদেশকে কার্যত উপহাস করার শামিল। তাঁর মতে, আদালত কাউকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলে সরকারি কর্মকর্তাদের তা যথাযথভাবে মেনে চলতে হবে। ঘটনার সূত্রপাত রামন কুইন্তেরো আলভারেজ নামের এক অভিবাসীকে ঘিরে। তিনি মেক্সিকোতে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলায় মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন। দেশটিতে তিন দশকেরও বেশি সময় ধরে বসবাস করছেন তিনি। তাঁর দুই সন্তানও যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে।
আলভারেজকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক সুইনি। কিন্তু মুক্তির পরপরই আইস কর্মকর্তারা তাঁকে আবার আটক করেন। বিষয়টি আদালতের নজরে আসার পর বিচারক জানতে চান, আদালতের নির্দেশ থাকার পরও কীভাবে একজন মানুষকে আবার গ্রেপ্তার করা হলো।শুনানিতে আইসের এক কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী তাঁকে আবার আটক করা হয়েছিল। তবে বিচারক বলেন, এ ধরনের পদক্ষেপের পক্ষে আদালতের নির্দেশ বা দেশের সংবিধানে কোনো ভিত্তি নেই।
শুধু আলভারেজ নন, গত ছয় সপ্তাহে কলোরাডোয় অন্তত ১৮ জন অভিবাসীকে আদালতের নির্দেশের পরও প্রয়োজনের চেয়ে বেশি সময় আটকে রাখা হয়েছে অথবা মুক্তির কয়েক মিনিটের মধ্যে আবার গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। অভিবাসন আইনজীবীদের ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
বিষয়টি নিয়ে বিচারক সুইনি আইস ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেন। তবে সংস্থাটির কর্মকর্তারা আদালতে জানিয়েছেন, মুক্তির পরপরই আবার গ্রেপ্তারের এই চর্চা বন্ধ করা হয়েছে। এ কারণে বিচারক আপাতত অতিরিক্ত কোনো শাস্তি বা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেননি। বিচারক সতর্ক করে দিয়েছেন, ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্যের ঘটনা ঘটলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তাঁর বক্তব্য, সরকারি পদে দায়িত্ব পালন করলেও কেউ আইনের ঊর্ধ্বে নন। এ ঘটনায় অভিবাসীদের আটক ও মুক্তির বিষয়ে সরকারি সংস্থাগুলোর দায়িত্ব পালন এবং আদালতের নির্দেশ মানার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।