নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও মধ্যপ্রাচ্য

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, মধ্যপ্রাচ্য সংকট ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় গুরুত্ব পেল কূটনৈতিক সমাধানের আহ্বান।

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও মধ্যপ্রাচ্য

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও মধ্যপ্রাচ্য


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও উত্তেজনা, আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। 

বৈঠকের পর নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তারা জানান, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত বাংলাদেশের ওপরও প্রভাব ফেলতে পারে—বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে। 

আলোচনায় হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার বিষয়টিও উঠে আসে। ওই অঞ্চলে উত্তেজনার কারণে বাংলাদেশের জাহাজ ও কনটেইনার চলাচলে যে সমস্যা তৈরি হয়েছে, তা তুলে ধরে নিরাপদ চলাচল সহজ করতে ইরানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ইরানের প্রেসিডেন্ট বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো শুনেছেন এবং সেগুলো বিবেচনায় নিয়েছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ঢাকার গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। তবে আনুষ্ঠানিক মধ্যস্থতার বদলে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে শান্তির পক্ষে ভূমিকা রাখার বিষয়টিই তুলে ধরা হয়েছে। 

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানোর পর পেজেশকিয়ান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।

সিএসবি নিউজ-এর আরও খবর