আইআরজিসির শীর্ষ সাইবার কমান্ডারকে ধরিয়ে দিতে ১০০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ সাইবার কর্মকর্তা আমির ইয়ারিয়াব সম্পর্কে তথ্যের জন্য সর্বোচ্চ ১০০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে
আইআরজিসির শীর্ষ সাইবার কমান্ডারকে ধরিয়ে দিতে ১০০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ সাইবার কর্মকর্তা আমির ইয়ারিয়াব সম্পর্কে তথ্যের জন্য সর্বোচ্চ ১০০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের ন্যায়ের জন্য পুরস্কার কর্মসূচির (রিওয়ার্ডস ফর জাস্টিস) তথ্যমতে, ইয়ারিয়াব আইআরজিসির সাইবার-ইলেকট্রনিক কমান্ডের সাইবার অপারেশনস কমান্ডের প্রধান। তিনি এমন কয়েকটি সহযোগী সাইবার গোষ্ঠীর কার্যক্রম তদারক করেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র, যেসব গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা, জ্বালানি, আর্থিক ব্যবস্থা, টেলিযোগাযোগ, নৌপরিবহন, বিমান চলাচল এবং গণমাধ্যম অবকাঠামোতে সাইবার হামলা চালানোর অভিযোগ রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, ইয়ারিয়াব আইআরজিসি-সংশ্লিষ্ট কয়েকটি সাইবার গোষ্ঠীর কার্যক্রমও তদারক করেন। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে সাইবারঅ্যাভেঞ্জার্স, দাদেহ আফজার আরমান এবং মেহরসাম আন্দিশেহ সাজ নিক। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব গোষ্ঠী বিশ্বের বিভিন্ন দেশের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষতিকর সফটওয়্যার ব্যবহার করেছে।
ন্যায়ের জন্য পুরস্কার কর্মসূচি জানিয়েছে, ইয়ারিয়াবের পরিচয় বা অবস্থান শনাক্ত করতে সহায়তা করে এমন তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ১০০ লাখ ডলার অথবা স্থানান্তর ও পুনর্বাসন সহায়তা দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের সামরিক, কূটনৈতিক ও সাইবার—তিন দিক থেকেই চাপ বাড়ানোর ধারাবাহিকতার অংশ হিসেবে এই ঘোষণা এসেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় ওয়াশিংটন ইরানের সাইবার সক্ষমতা এবং আইআরজিসি-সংশ্লিষ্ট সাইবার নেটওয়ার্কগুলোর বিরুদ্ধেও কঠোর অবস্থান গ্রহণ করছে।