বোমা হামলার হুমকিতে মাঝআকাশে আতঙ্ক, আহমেদাবাদে জরুরি অবতরণ বিমানের

বোমা হামলার হুমকিতে দাম্মাম-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ আহমেদাবাদে, বিমানে থাকা ৩২ যাত্রী নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বোমা হামলার হুমকিতে মাঝআকাশে আতঙ্ক, আহমেদাবাদে জরুরি অবতরণ বিমানের

বোমা হামলার হুমকিতে মাঝআকাশে আতঙ্ক, আহমেদাবাদে জরুরি অবতরণ বিমানের


সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটিকে ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়।

বিমানটির শৌচাগারে এক ক্রু সদস্য একটি টিস্যু পেপার দেখতে পান, যেখানে ‘বোমা’ শব্দটি লেখা ছিল। বিষয়টি নজরে আসার পর ক্রুরা পাইলটকে জানান এবং নিরাপত্তা প্রটোকল অনুযায়ী দিল্লির পরিবর্তে বিমানটি আহমেদাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানটি প্রায় বিকেল সাড়ে ৪টার দিকে নিরাপদে অবতরণ করে। 

বিমানটিতে ৩২ জন যাত্রী ছিলেন বলে আহমেদাবাদ পুলিশ জানিয়েছে। অবতরণের পর সবাইকে নিরাপদে বিমান থেকে নামিয়ে টার্মিনাল-২-এ নেওয়া হয়। যাত্রীদের লাগেজও আলাদা করে নিরাপত্তা পরীক্ষা করা হয়। 

বিমান অবতরণের পর নিরাপত্তা বাহিনী দ্রুত তল্লাশি অভিযান শুরু করে। সিআইএসএফ, বোমা নিষ্ক্রিয়কারী দল, ফায়ার সার্ভিস ও প্রশিক্ষিত কুকুরের দল বিমানটি এবং আশপাশের এলাকা পরীক্ষা করে। তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, নির্দিষ্ট বোমা হুমকির খবর পাওয়ার পর সরকারি বোমা-হুমকি মূল্যায়ন কমিটিকে জানানো হয় এবং সব ধরনের নিরাপত্তা প্রটোকল চালু করা হয়। প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরই বিমানটি পুনরায় চলাচলের জন্য ছাড়ার কথা বলা হয়েছে।

১ সেপ্টেম্বর প্রকাশিত টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হুমকির নোটটি কে লিখেছিল তা শনাক্ত করতে বিমানের ৩২ যাত্রীর হাতের লেখার নমুনা নেওয়া হয়েছে। নোটে ‘bomb’ শব্দের পাশাপাশি আরও কিছু লেখা ও একটি বাক্সের মতো চিহ্ন ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি ভুয়া বোমা-হুমকি বা কৌতুক হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত চলছে।

সিএসবি নিউজ-এর আরও খবর