এক মাসেরও বেশি সময় পর ইরানে ফের মার্কিন হামলা, লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে আঘাত
এক মাসেরও বেশি সময় পর ইরানে ফের মার্কিন হামলা, লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে আঘাত, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের।
এক মাসেরও বেশি সময় পর ইরানে ফের মার্কিন হামলা, লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে আঘাত
এক মাসেরও বেশি সময় পর ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ইরানের কৌশলগত লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে মার্কিন বাহিনী হামলা চালায়। এটি জুলাইয়ের শেষের পর ইরানের ভূখণ্ডে প্রথম পরিচিত মার্কিন হামলা বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, হামলার লক্ষ্য ছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের দুটি উৎক্ষেপণ ব্যবস্থা। মার্কিন পক্ষের দাবি, এসব ব্যবস্থা থেকে হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইন বহনকারী রকেট নিক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের প্রস্তুতি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। তাই সম্ভাব্য ঝুঁকি ঠেকাতেই ওই উৎক্ষেপণস্থলগুলোতে হামলা চালানো হয়।
হামলার পর ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, মার্কিন হামলায় কয়েকজন ইরানি সেনা ও বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
এরপর ইরান জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে রয়টার্স। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলার পর ইরানের বিপ্লবী গার্ড পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে। একই সময়ে হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সেখানে সামরিক উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন হামলার পর সোমবার এশিয়ার লেনদেনে তেলের দাম এক ডলারের বেশি বেড়ে যায় এবং ব্রেন্ট ক্রুড আবার ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে ওঠে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি হামলা ছয় মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। লারাক দ্বীপের হামলার পর পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতে রূপ নেয় কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।