নেপালে ভয়াবহ বন্যা: ৬৪৪ জন নিখোঁজ, ভারতীয়সহ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বহু নাগরিক

নেপালে ভয়াবহ বন্যায় ৬৪৪ জন নিখোঁজ, তালিকায় ১৭৮ ভারতীয়, ১২৭ নেপালি, ৬৫ আমেরিকান ও ৩৩ ব্রিটিশ নাগরিক, উদ্ধার অভিযান নিয়ে বাড়ছে উদ্বেগ।

নেপালে ভয়াবহ বন্যা: ৬৪৪ জন নিখোঁজ, ভারতীয়সহ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বহু নাগরিক

নেপালে ভয়াবহ বন্যা: ৬৪৪ জন নিখোঁজ, ভারতীয়সহ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বহু নাগরিক


নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার পর ৬৪৪ জন পর্যটক ও ভ্রমণকারীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ প্রাথমিক তালিকা অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ১২৭ জন নেপালি এবং ৫১৭ জন বিদেশি নাগরিক।

নেপালের ভোতে কোশি ও ত্রিশূলী নদীতে আকস্মিক পানির প্রবল স্রোত ও বন্যায় বুধবার, ২৬ আগস্ট, রসুয়া, নুওয়াকোট, ধাদিং ও গোরখা জেলার বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। নদীতীরবর্তী বসতি, সড়ক ও সেতুর পাশাপাশি পর্যটনপথেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক—১৭৮ জন। এছাড়া যুক্তরাষ্ট্রের ৬৫ জন, ইউক্রেনের ৫৩ জন, মালয়েশিয়ার ৫১ জন, অস্ট্রেলিয়ার ৩৫ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।

এছাড়া সিঙ্গাপুরের ৯ জন, জার্মানি ও রাশিয়ার ৮ জন করে, লাটভিয়া ও দক্ষিণ আফ্রিকার ৬ জন করে, জাপান ও নিউজিল্যান্ডের ৫ জন করে এবং ফ্রান্সের ৪ জন নাগরিকেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। আরও কয়েকটি দেশের নাগরিকও নিখোঁজের তালিকায় রয়েছেন।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংখ্যা এখনো চূড়ান্ত নয়। নিখোঁজদের তালিকা ট্রেকিং ও ভ্রমণ সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। পর্যটন সংস্থা, স্থানীয় প্রশাসন, গাইড, নিরাপত্তা বাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য যাচাই করা হচ্ছে। ফলে পরবর্তী সময়ে নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

বন্যার পর দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। নেপালের নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার ও স্থলপথে উদ্ধার অভিযান পরিচালনা করছে। আটকে পড়া ও আহত ব্যক্তিদের উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার, পানি, ওষুধ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

ভারতও নেপালের দুর্যোগ মোকাবিলায় সহায়তা বাড়িয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় ৩৭ দশমিক ৫ টন মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলার সামগ্রী, ওষুধ ও খাবার নেপালে পাঠানো হয়েছে।

নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য দেশটির ভারতীয় দূতাবাস হেল্পলাইনও চালু করেছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের অবস্থান শনাক্ত করতে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস ও নেপালের কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ চলছে।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি এখনো পর্যবেক্ষণে রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিখোঁজ পর্যটক ও ভ্রমণকারীদের বিষয়ে নতুন তথ্য পাওয়া যেতে পারে। কর্তৃপক্ষ তাই প্রাথমিক তালিকাকে চূড়ান্ত হিসেবে না দেখে নিয়মিত যাচাই ও হালনাগাদ করছে।

সিএসবি নিউজ-এর আরও খবর