ইসরায়েলের বেন-গভিরের আহ্বান: গাজায় প্রতি রাতে ‘৩০ থেকে ৪০ জনকে’ হত্যার দাবি
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির গাজায় সাম্প্রতিক হামলা কমিয়ে দেওয়ার সমালোচনা করে প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যার আহ্বান জানিয়েছেন
ইসরায়েলের বেন-গভিরের আহ্বান: গাজায় প্রতি রাতে ‘৩০ থেকে ৪০ জনকে’ হত্যার দাবি
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির গাজায় সাম্প্রতিক হামলা কমিয়ে দেওয়ার সমালোচনা করে প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যার আহ্বান জানিয়েছেন।
সাবেক জিম্মি রম ব্রাসলাভস্কির সঙ্গে একটি পডকাস্টে কথা বলার সময় বেন-গভির বলেন, ইসরায়েলের আরও ব্যাপকভাবে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড পরিচালনা করা উচিত। তার মতে, তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করছে এমন ব্যক্তিদের বাইরেও হামলার পরিধি বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, “সেখানে এমন মানুষ আছে, যারা বেঁচে থাকার যোগ্য নয়। তাদের বেঁচে থাকা উচিত নয়।”
বেন-গভির ইসরায়েলের পুলিশ ও কারাগার ব্যবস্থার দায়িত্বে থাকলেও দেশটির সামরিক বাহিনীর ওপর তার সরাসরি নিয়ন্ত্রণ নেই। সাক্ষাৎকারে তিনি আবারও ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার আহ্বান জানান এবং সেখানে ইসরায়েলি বসতি পুনঃপ্রতিষ্ঠার দাবি তোলেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে আমার মতপার্থক্য রয়েছে—এটি কোনো গোপন বিষয় নয়। আমি মনে করি, গাজায় লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালানো উচিত এবং প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যা করা উচিত।”
তিনি আরও বলেন, “শুধু যারা তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করে তাদের নয়—সেখানে এমন মানুষও রয়েছে, যারা বেঁচে থাকার যোগ্য নয়। তাদের বেঁচে থাকা উচিত নয়। তারা এমনকি মানুষও নয়।”
বেন-গভিরের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ট্রাম্প প্রশাসন গাজায় সামরিক অভিযান বন্ধ, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যে একটি শান্তি পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
সাক্ষাৎকারে বেন-গভির বলেন, “আমি পুরো গাজাকেই আমাদের বলে মনে করি।”
তিনি গুশ কাটিফসহ গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বসতি পুনঃপ্রতিষ্ঠা, যত বেশি সম্ভব ফিলিস্তিনিকে অন্য দেশে চলে যেতে উৎসাহিত করা এবং যাদের তিনি ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেন, তাদের ক্ষেত্রে “কোনো অভিবাসন নয়, কিছুই নয়—শুধু একজন একজন করে হত্যা করা” উচিত বলে মন্তব্য করেন।
সূত্রঃ অ্যাসোসিয়েটেড প্রেস