কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, বাহরাইনেও একের পর এক আঘাত
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কুয়েত ও বাহরাইনে হামলার খবর পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা আরও বিস্তৃত হয়েছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে বাহরাইনেও কয়েক দফায় হামলার ঘটনা ঘটেছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর বুধবার (১৮ নভেম্বর) পাল্টা জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের সামরিক বাহিনীর দাবি, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়েছে। ওই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়।
তবে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে। বাহরাইনের সামরিক বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, ইরানের একাধিক হামলা সফলভাবে ঠেকিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এসব ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, আত্মরক্ষার অংশ হিসেবে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ইরানের হামলার জবাব হিসেবে কেশম দ্বীপে পাল্টা হামলা চালায় মার্কিন বাহিনী।
একের পর এক পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার নিরাপত্তা নিয়ে পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।