সত্য, যাচাই ও জবাবদিহির ওপর দাঁড়াবে গণমাধ্যম ব্যবস্থা — তথ্য উপদেষ্টা

নির্বাচনকালীন সময়ে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে গণমাধ্যমকে সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

PostImage

সত্য, যাচাই ও জবাবদিহির ওপর দাঁড়াবে গণমাধ্যম ব্যবস্থা — তথ্য উপদেষ্টা


নির্বাচনকালীন সময়ে প্রপাগান্ডা, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যমকে অবশ্যই সত্য, যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে—এমন আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্য যেন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সরকার একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক গণমাধ্যম ব্যবস্থা প্রত্যাশা করে। তথ্যপ্রবাহ অবাধ থাকবে, তবে তা অবশ্যই হতে হবে দায়িত্বশীল ও বাস্তবভিত্তিক। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সঠিক তথ্যের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে সহায়ক ভূমিকা রাখাই সরকারের মূল লক্ষ্য।

উপদেষ্টা আরও বলেন, গণমাধ্যম ইতোমধ্যেই গণতন্ত্র চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতে এ ভূমিকা আরও পেশাদার, নৈতিক ও দায়িত্বশীলভাবে পালনের প্রয়োজন রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা ও সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি জানান, সরকার সঠিক তথ্যের পক্ষে থাকবে এবং এ কাজে গণমাধ্যমকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। স্বাধীনতা, জবাবদিহি ও ন্যায়বিচার—এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়েই একটি বিশ্বাসযোগ্য ও কার্যকর গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে হবে।

নারী নেতৃত্বে নতুন উদ্দীপনা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে

উল্লেখযোগ্য বিষয় হলো—বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বর্তমানে উপদেষ্টা ও সচিব—উভয় পদেই দায়িত্বে রয়েছেন নারী। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পাশাপাশি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুবা ফারজানা। এই নারী নেতৃত্ব মন্ত্রণালয়ে নতুন উদ্দীপনা, পেশাদারিত্ব ও ইতিবাচক গতিশীলতা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টা সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের প্রশ্নের জবাব দেন।