ঐতিহাসিক পদক্ষেপ, প্রথমবার দেশে সোনা পরিশোধন শুরু করল বুরকিনা ফাসো
বুরকিনা ফাসোতে উদ্বোধন হলো দেশের প্রথম জাতীয় স্বর্ণ শোধনাগার। স্থানীয়ভাবে সোনা পরিশোধনের মাধ্যমে খনিজ সম্পদের মূল্য দেশের ভেতরেই ধরে রাখার উদ্যোগ নিয়েছে সরকার।
ঐতিহাসিক পদক্ষেপ, প্রথমবার দেশে সোনা পরিশোধন শুরু করল বুরকিনা ফাসো
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো প্রথমবারের মতো নিজ দেশে সোনা পরিশোধনের সক্ষমতা অর্জন করেছে। রাজধানী ওয়াগাদুগুতে সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে দেশের প্রথম জাতীয় স্বর্ণ শোধনাগার র্যাফিনর-বিএফ উদ্বোধন করেন। সরকারের ভাষ্য অনুযায়ী, এর ফলে অপরিশোধিত সোনা বিদেশে পাঠানোর পরিবর্তে দেশের ভেতরেই তা প্রক্রিয়াজাত ও মূল্য সংযোজনের সুযোগ তৈরি হলো।
১১ বিলিয়ন সিএফএ ফ্রাঁর বেশি বিনিয়োগে নির্মিত শোধনাগারটি প্রায় পাঁচ হেক্টর জায়গাজুড়ে গড়ে উঠেছে। এখানে সোনা পরিশোধনের পাশাপাশি ফাউন্ড্রি, বিশ্লেষণাগার, নিরাপদ সংরক্ষণ ব্যবস্থা এবং গয়না তৈরির ইউনিট রয়েছে। প্রকল্পটিতে রাষ্ট্রীয় মূল্যবান খনিজ সম্পদ প্রতিষ্ঠান সোনাসপের পাশাপাশি বেসরকারি অংশীদাররাও যুক্ত রয়েছে।
প্রথম ধাপে র্যাফিনর-বিএফ বছরে প্রায় ১৬৪ টন সোনা পরিশোধন করতে পারবে। ভবিষ্যতে দ্বিতীয় ধাপে এই সক্ষমতা বাড়িয়ে বছরে ৫১৫ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অপরিশোধিত সোনাকে উচ্চ বিশুদ্ধতার স্বর্ণে রূপান্তরের পাশাপাশি বিশ্লেষণ ও প্রত্যয়নও দেশের ভেতরেই করার লক্ষ্য নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইব্রাহিম ট্রাওরে বলেন, বুরকিনা ফাসো শুধু খনিজ সম্পদ উত্তোলন করে কাঁচামাল বিদেশে পাঠাতে চায় না। উৎপাদন, পরিশোধন, মূল্যায়ন, প্রত্যয়ন ও বাজারজাতকরণের মতো ধাপগুলোতে দেশের অংশগ্রহণ বাড়িয়ে খনিজ সম্পদের অর্থনৈতিক মূল্য দেশের ভেতরেই ধরে রাখাই সরকারের লক্ষ্য।
বুরকিনা ফাসোর অর্থনীতিতে সোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। নতুন এই শোধনাগারের মাধ্যমে দেশটি সোনা প্রক্রিয়াজাতকরণ, মান যাচাই ও মূল্য সংযোজনের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা বাড়াতে চাইছে। ভবিষ্যতে র্যাফিনর-বিএফকে পশ্চিম আফ্রিকার একটি আঞ্চলিক স্বর্ণ পরিশোধন কেন্দ্র হিসেবেও গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।