স্থানীয় সরকার নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী
রংপুরের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
স্থানীয় সরকার নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী
রংপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আগামী জানুয়ারি থেকে নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায় এবং কোনো নির্বাচনী কলঙ্ক বর্তমান সরকার ঘাড়ে নেবে না।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসন অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী বলেন, অবহেলিত রংপুরের উন্নয়নে সরকার কাজ করছে। জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর সমাধান করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সভা থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আগামী মাসের সভায় পরিস্থিতির উন্নতি না হলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সুষম উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, রংপুরেও দেশের অন্যান্য অঞ্চলের মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে। রংপুর জেলার ছয়টি আসনে ইতোমধ্যে ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি রংপুর বিভাগের জন্য প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব একনেকে পাঠানো হয়েছে। জনস্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিস্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিস্তা নিয়ে সরকার কাজ করছে এবং খুব দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। সভায় রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।