ইরানের সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

ইরানের সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় খোলার রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কূটনৈতিক উদ্যোগ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

PostImage

ইরানের সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প


ইরানের পক্ষ থেকে দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ২৬ সেপ্টেম্বর হোয়াইট হাউস থেকে টেনেসির উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করেন। প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সরাসরি বলেন, “আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।”

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে সাত দিনের একটি রোডম্যাপ পাঠিয়েছে তেহরান। ওই পরিকল্পনায় কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়নের পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছিল।

ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং যুদ্ধবিরতির শর্ত মেনে নেওয়ার মতো পদক্ষেপ নিতে হবে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে।

আরাগচির দেওয়া পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবের প্রাথমিক ধাপগুলো বাস্তবায়নে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। এরপর ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার এবং সপ্তম দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচিসহ অন্যান্য বিষয়ে নতুন করে আলোচনা শুরুর পরিকল্পনা ছিল।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না এবং কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে আগ্রহী। দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের ফলে সর্বশেষ কূটনৈতিক উদ্যোগটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখন ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। দুই দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই প্রত্যাখ্যান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সিএসবি নিউজ-এর আরও খবর