আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশ, সফল অভিযানে সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর।
আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা সক্ষমতা আরও সক্রিয়ভাবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবেন, তাদের পুরস্কৃত করা হবে। তিনি জানান, গত সপ্তাহে এ ধরনের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের গোয়েন্দা তৎপরতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন ধরে এসব ব্যক্তি দেশের ভেতরে আত্মগোপনে ছিলেন। তাদের শনাক্ত করতে পুলিশের গোয়েন্দা তথ্যকে কার্যকরভাবে কাজে লাগানোর নির্দেশ দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের গোয়েন্দা সহায়তাকে তিনি অত্যন্ত কার্যকর মনে করেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার তথ্যের সঙ্গে পুলিশের তথ্য মিলিয়ে দেখার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্যে গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও উঠে আসে।
স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের একটি হিসাবের উল্লেখ করে দাবি করেন, এক মাসে বাংলাদেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষ হত্যার শিকার হয়েছেন। একই সঙ্গে অতীতের বিভিন্ন সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য দায়ীদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।
এ সময় শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত দেওয়ার অনুরোধ করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে। বিচারপ্রক্রিয়া আইনের নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।