প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষক-শিক্ষার্থী

প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে বিধ্বস্ত হেলিকপ্টার। ভয়াবহ দুর্ঘটনার পরও অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন শিক্ষক ও শিক্ষার্থী—দুজনেরই আঘাত সামান্য।

প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষক-শিক্ষার্থী

প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষক-শিক্ষার্থী


যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সিডার সিটি আঞ্চলিক বিমানবন্দরে প্রশিক্ষণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি হেলিকপ্টার। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রানওয়েতে আছড়ে পড়ে কয়েকবার ঘুরে যায়। তবে বিস্ময়করভাবে হেলিকপ্টারে থাকা প্রশিক্ষক ও শিক্ষার্থী দুজনই প্রাণে বেঁচে যান এবং তাদের আঘাত ছিল সামান্য।

দুর্ঘটনাটি ঘটে ২৩ মে সকালে। সাউদার্ন উটাহ ইউনিভার্সিটির পরিচালিত একটি বেল ২০৬-এল৪ হেলিকপ্টারে ছিলেন ৩২ বছর বয়সী একজন ফ্লাইট প্রশিক্ষক এবং ২৫ বছর বয়সী একজন শিক্ষার্থী। প্রশিক্ষণের একটি ধাপ চলার সময় হেলিকপ্টারটির নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিলে সেটি ধীরে ধীরে পেছনের দিকে সরে নিচে নামতে শুরু করে।

এরপর হেলিকপ্টারটি রানওয়েতে আঘাত করে। মাটিতে পড়ার পর সেটি কয়েকবার লাফিয়ে ও ঘুরতে থাকে। একপর্যায়ে হেলিকপ্টারটি আবার কিছুটা ওপরে উঠে ঘুরে মাটিতে আছড়ে পড়ে। এতে হেলিকপ্টারটির লেজের অংশ, প্রধান রোটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ব্যাপক ক্ষতি হয়।

দুর্ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে পরে প্রকাশিত নজরদারি ক্যামেরার ভিডিওতে। ভিডিওতে হেলিকপ্টারটিকে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে আছড়ে পড়ার পর একাধিকবার ঘুরতে দেখা যায়। এত বড় ধাক্কার পরও ভেতরে থাকা দুজনের প্রাণে বেঁচে যাওয়াকে ঘটনাটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তে হেলিকপ্টারটিতে এমন কোনো বড় ধরনের যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি, যা দুর্ঘটনার সরাসরি কারণ হতে পারে। তদন্তে প্রশিক্ষণের সময় হেলিকপ্টারের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারাকেই দুর্ঘটনার সম্ভাব্য প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনায় হেলিকপ্টারটির ব্যাপক ক্ষতি হলেও আগুন বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। প্রশিক্ষক ও শিক্ষার্থী দুজনই সামান্য আঘাত নিয়ে দুর্ঘটনা থেকে বেরিয়ে আসেন। ভয়াবহ সেই মুহূর্তের ভিডিও প্রকাশের পর ঘটনাটি নতুন করে মানুষের নজরে এসেছে।

সিএসবি নিউজ-এর আরও খবর