লোভনীয় অনলাইন অফারে প্রতারণা, ক্রেতার নিরাপত্তা কোথায়?

দেশে অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার নতুন নতুন কৌশল। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক পেজ ও বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে নামিদামি ব্র্যান্ডের দামি পণ্য অবিশ্বাস্য কম দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল, পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের প্রলোভন দেখানো হচ্ছে। আকর্ষণীয় ছবি, সাজানো ক্রেতা রিভিউ, ভুয়া প্রশংসাপত্র এবং পণ্যের চটকদার ভিডিও দিয়ে তৈরি করা হচ্ছে বিশ্বাসযোগ্যতার আবরণ। অথচ অগ্রিম টাকা নেওয়ার পর অনেক ক্ষেত্রেই পণ্য সরবরাহ করা হচ্ছে না। কখনো নিম্নমানের বা বিজ্ঞাপনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পণ্য পাঠানো হচ্ছে, আবার কখনো টাকা নেওয়ার পরই বন্ধ করে দেওয়া হচ্ছে যোগাযোগ।
প্রতারণার কৌশলও দিন দিন পরিবর্তিত হচ্ছে। প্রথমে একটি আকর্ষণীয় ফেসবুক পেজ বা ওয়েবসাইট তৈরি করা হয়। সেখানে বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে পণ্য বিক্রির ঘোষণা দেওয়া হয়। ক্রেতা আগ্রহ দেখালে ইনবক্স কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত অর্ডার নিশ্চিত করতে বলা হয়। অনেক ক্ষেত্রে অগ্রিম বুকিং মানি, ডেলিভারি চার্জ কিংবা বিশেষ অফারের নামে বিকাশ, নগদ ও অন্যান্য মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা নেওয়া হয়। টাকা পাঠানোর পর বিক্রেতার ফোন বন্ধ পাওয়া যায়, পেজ থেকে ক্রেতাকে ব্লক করা হয় কিংবা পেজটিই উধাও হয়ে যায়।
প্রথম আলোর এক অনুসন্ধানী প্রতিবেদনে ‘দালাল প্লাস’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসে। প্রতিষ্ঠানটি মোবাইল ফোন, গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্যে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়ের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছিল। সিআইডির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ৪৫ হাজারের বেশি অর্ডার নিয়েছিল। অনেক গ্রাহক অর্ডার অনুযায়ী পণ্য পাননি।
এদিকে ২০২২ সালের ১৯ এপ্রিল দ্য ডেইলি স্টারে প্রকাশিত ‘Five online sellers held’ শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, একটি প্রতারক চক্র ফেসবুক পেজ খুলে উন্নতমানের পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে অর্ডার নিত। পরে নিম্নমানের ও পুরোনো পণ্য সরবরাহ করত। অভিযোগ জানালে ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করে ব্লক করা হতো। পুরোনো পেজ বন্ধ করে নতুন পেজ খুলে আবারও প্রতারণা চালানো হতো।
২০২৬ সালের ১০ জুলাই ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনেও অনলাইন জুতার ব্যবসার নামে প্রতারণার ঘটনা উঠে আসে। পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বাগেরহাট থেকে একজনকে গ্রেপ্তার করে। অভিযোগ অনুযায়ী, ফেসবুক পেজে জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা নেওয়া হতো। পরে কুরিয়ার চার্জ, সার্ভার সমস্যা ও পেমেন্ট যাচাইয়ের কথা বলে একাধিকবার টাকা আদায় করা হতো। এক ভুক্তভোগী মোট ১৮ হাজার ৩২৩ টাকা হারানোর অভিযোগ করেন।
২০২৬ সালের ৩০ আগস্ট জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবিকৃত অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং ও আলেশা মার্টের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও আলোচনায় এসেছে। এ তথ্য প্রকাশ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও বিডিনিউজ২৪ডটকম।
অন্যদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ২৩ অক্টোবর ২০২৬ প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সাইবার অপরাধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত ও অভিযান জোরদার করেছে। সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সাইবার অপরাধসংক্রান্ত ১৯১টি মামলা হয়েছে এবং ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ অনলাইন প্রতারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে প্রতারণার বিস্তৃতি ও ক্ষতির তুলনায় এসব উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, অনলাইন কেনাকাটায় প্রতারণা বন্ধ করতে শুধু অভিযান বা গ্রেপ্তার যথেষ্ট নয়। প্রতিটি অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচয়, ঠিকানা, নিবন্ধন, ব্যাংক হিসাব ও যোগাযোগের তথ্য যাচাই নিশ্চিত করতে হবে। ভুয়া ফেসবুক পেজ ও ওয়েবসাইট শনাক্ত করে দ্রুত বন্ধ করার পাশাপাশি প্রতারক চক্রের অর্থ লেনদেনের উৎস অনুসন্ধান করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে প্রতারণার অর্থ দ্রুত শনাক্ত ও আটকে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ, দ্রুত তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে। শুধু বড় ই-কমার্স প্রতিষ্ঠান নয়, ফেসবুকভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি অনলাইন ব্যবসার ক্ষেত্রেও কার্যকর নজরদারি প্রয়োজন।
প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ কষ্টার্জিত অর্থ দিয়ে একটি পণ্য কেনার জন্য অনলাইনে অর্ডার করে প্রতারণার শিকার হলে তার দায় কে নেবে? প্রতারণার অভিযোগের পর সংশ্লিষ্ট পেজ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত সময় লাগবে কেন? প্রতারকরা বারবার নতুন পরিচয়ে ফিরে এসে একই কৌশলে মানুষকে ঠকানোর সুযোগ পাচ্ছে কেন?
অনলাইন বাণিজ্য মানুষের জীবনকে সহজ করার কথা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ও প্রতারক চক্রের কারণে এই সম্ভাবনাময় খাতের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পুলিশ, সাইবার ক্রাইম ইউনিট, বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।
প্রতারণার শিকার হওয়ার পর শুধু ভুক্তভোগীকে সতর্ক থাকার পরামর্শ দিলেই দায়িত্ব শেষ হয় না। প্রতারণার সুযোগ বন্ধ করা, অপরাধীদের শনাক্ত করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের অর্থ ফেরত নিশ্চিত করাই হওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান অগ্রাধিকার।
নাগরিক সংবাদ পাঠকদের লেখা; প্রকাশের আগে সিএসবি নিউজের সম্পাদকেরা যাচাই করেন। এগুলো সিএসবি নিউজের নিজস্ব প্রতিবেদন নয়।
আপনার এলাকায় কিছু ঘটছে? বিশ্বকে জানান। অর্জন করুন সিএসবি নিউজ কন্ট্রিবিউটর ব্যাজ।
আপনার এলাকার খবর দিন