তেলের মজুদ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে—এমন বার্তা দিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একইসঙ্গে অবৈধ মজুদ ও গুজব রোধে কঠোর অবস্থানের কথাও জানানো হয়েছে।
তেলের মজুদ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান
সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশে বর্তমানে পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। তাই অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি তেল কেনার কোনো দরকার নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বিভাগটি সতর্ক করে বলেছে, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় এগুলো মজুদ করা ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। এজন্য অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ না করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।
এদিকে, অবৈধ মজুদ প্রতিরোধে দেশের প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকার আরও জানিয়েছে, এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়নি। অতিরিক্ত মুনাফার আশায় কেউ যেন অবৈধভাবে তেল মজুদ না করে, সে বিষয়ে কড়া নজরদারি চলছে।
একইসঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে, যাতে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা যায়। ফলে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতির সম্ভাবনা নেই বলেও আশ্বস্ত করেছে সরকার।