“এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র সফর” শিরোনামের সংবাদটি ভিত্তিহীন
এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ”—এমন শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, বাস্তবে এটি কোনো ‘এসি চালানো শেখার সফর’ নয়; বরং দেশের আট বিভাগে নির্মাণাধীন বিশেষায়িত হাসপাতাল প্রকল্পের অত্যাধুনিক HVAC প্রযুক্তির নিরাপত্তা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে একটি আন্তর্জাতিক প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মসূচি।
“এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র সফর” শিরোনামের সংবাদটি ভিত্তিহীন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, “এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য। সম্প্রতি দৈনিক Kalbela-এ প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে মন্ত্রণালয় এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন “Establishment of Complete Cancer, Kidney and Heart Treatment Center in Eight Divisional City” নির্মাণ প্রকল্পের অধীনে আধুনিক Heating, Ventilation and Air Conditioning (HVAC) সিস্টেম স্থাপন করা হচ্ছে। এই সিস্টেমের যন্ত্রপাতি সরবরাহ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান Dunham-Bush।
প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মকর্তাদের জন্য একটি বিশেষ প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্র কার্যালয় থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, প্রশিক্ষণটি মূলত HVAC সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে।
এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের সমন্বয়ে আটজন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, বিদেশ সফরের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রদান করা হয়।
মন্ত্রণালয় আরও জানায়, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান পরবর্তীতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে জ্ঞান বিনিময় (Knowledge Sharing) এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এতে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা উন্নত HVAC সিস্টেমের নিরাপদ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দক্ষতা অর্জন করবেন।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রশিক্ষণের সমস্ত ব্যয়ভার বহন করছে Dunham-Bush। ফলে বাংলাদেশ সরকার বা প্রকল্প সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের ওপর এ বিষয়ে কোনো আর্থিক চাপ পড়ছে না।
মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রকল্পটির মেয়াদ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত রয়েছে এবং হাসপাতাল নির্মাণের পূর্ত কাজ বর্তমানে শেষ পর্যায়ে। HVAC সিস্টেম সরবরাহ ও স্থাপন সম্পন্ন হলে হাসপাতালগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। প্রকল্প বাস্তবায়ন শেষ হলে দেশের আটটি বিভাগীয় শহরে আধুনিক ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা সুবিধা পাওয়া যাবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের ভুল ও বিকৃত তথ্যভিত্তিক প্রতিবেদন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। ভবিষ্যতে যথাযথ তথ্য যাচাই ছাড়া এ ধরনের প্রতিবেদন প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।