পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারের ঘোষণা

দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে কঠোর বার্তা দিলেন সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। একই সঙ্গে ‘মব কালচার’ সম্পূর্ণ বন্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

PostImage

পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারের ঘোষণা


স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজের আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬:

নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে এবং কোনো প্রকার অবৈধ তদবির সহ্য করা হবে না।

আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিভিন্ন বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, “জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করেই আমাদের কাজ করতে হবে।”

মব কালচার প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, দেশে কোনোভাবেই মব কালচার বরদাশত করা হবে না। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। তবে যৌক্তিক দাবির ক্ষেত্রে গণতান্ত্রিক উপায়ে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা যাবে বলে তিনি উল্লেখ করেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

সিএসবি নিউজ-এর আরও খবর