বিএনপিকে বিজয়ের অভিনন্দন জানাল ‘তারুণ্যের শক্তি’
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছে তরুণদের সংগঠন ‘তারুণ্যের শক্তি—Power of Youth’। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) এক প্রেস স্টেটমেন্টে সংগঠনটির পক্ষ থেকে এ শুভেচ্ছা ও প্রত্যাশার কথা জানানো হয়।
বিএনপিকে বিজয়ের অভিনন্দন জানাল ‘তারুণ্যের শক্তি’
প্রেস স্টেটমেন্টে বলা হয়, বিএনপির এই বিজয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়; এটি জনগণের প্রত্যাশা, আস্থা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। সংগঠনটির নেতারা মনে করেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ বিজয়ের মূল শক্তি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচনী সময়ে ‘তারুণ্যের শক্তি’ সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক প্রচার এবং অংশগ্রহণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র পরিসরে কাজ করেছে। এ প্রক্রিয়ায় তারা লক্ষ্য করেছে যে দেশের তরুণ সমাজ দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করেছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ।
সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নবনির্বাচিত নেতৃত্ব বাংলাদেশের অগ্রগতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।
প্রেস স্টেটমেন্টে ‘তারুণ্যের শক্তি’ ভবিষ্যতেও দেশের কল্যাণে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শওকত আজিজ, যিনি একই সঙ্গে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।