ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নেতৃত্বে আবদুস সালাম ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে।
ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নেতৃত্বে আবদুস সালাম ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার
ঢাকা-১৭ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ আসনের সার্বিক নির্বাচনী কার্যক্রমে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি ঢাকা-১৭ আসনে বিএনপির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করা, দলীয় নেতাকর্মীদের সমন্বয় সাধন, নির্বাচনী কৌশল বাস্তবায়ন এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নে আবদুস সালাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একজন বীর মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দলের নীতিগত ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
এছাড়াও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের আরেক সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ঢাকা-১৭ আসনের নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করবেন। নির্বাচনী প্রস্তুতি, জনসংযোগ, পেশাজীবী ও সুশীল সমাজের সঙ্গে যোগাযোগ এবং নীতিনির্ধারণী পর্যায়ে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছে।
বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঢাকা-১৭ আসনে শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে দলীয় সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। তারেক রহমানের নির্দেশনায় নির্বাচনী প্রস্তুতি সুসংগঠিত ও গতিশীল করতে এই দুই অভিজ্ঞ নেতার সমন্বিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা।
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনকে বিএনপি একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করছে। এ কারণে শুরু থেকেই দলীয় কার্যক্রমকে পরিকল্পিত ও সংগঠিতভাবে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।