আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভোলার তজুমদ্দিনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দেবে না। বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার আওয়ামী লীগকে দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত দল হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, দলটি রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করেছে। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দলটির নেতারা দেশের সম্পদ রেখে পরিবারসহ বিদেশে চলে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে তজুমদ্দিন এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন স্পিকার। তিনি জানান, তজুমদ্দিনকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মেঘনা নদীর তীরে মানুষের বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে স্পিকার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।





