বিদেশি কর্মীদের জন্য বড় শ্রমবাজার খুলছে ইতালি, ২০২৭ সালে সুযোগ ১ লাখ ৬৫ হাজারের বেশি

ইতালিতে বিদেশি কর্মীদের জন্য আবারও বড় সুযোগ তৈরি হয়েছে। ২০২৭ সালে বিভিন্ন খাতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

বিদেশি কর্মীদের জন্য বড় শ্রমবাজার খুলছে ইতালি, ২০২৭ সালে সুযোগ ১ লাখ ৬৫ হাজারের বেশি

বিদেশি কর্মীদের জন্য বড় শ্রমবাজার খুলছে ইতালি, ২০২৭ সালে সুযোগ ১ লাখ ৬৫ হাজারের বেশি


বিদেশি কর্মীদের জন্য বড় পরিসরে শ্রমবাজার খুলছে ইতালি। দেশটির সরকার ২০২৭ সালে বিভিন্ন খাতে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের অনুমোদন দিয়েছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের ১ অক্টোবর ২০২৬-এর নতুন নির্দেশনা অনুযায়ী, এই সংখ্যার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অ-মৌসুমি কর্মী, ৮৯ হাজার জন মৌসুমি কর্মী এবং ৬৫০ জন স্বনিয়োজিত কর্মী হিসেবে ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন।

ইতালির এই শ্রমিক নেওয়ার কর্মসূচি ‘ডেক্রেতো ফ্লুসি’ বা ফ্লো ডিক্রির আওতায় পরিচালিত হচ্ছে। দেশটিতে শ্রমিক সংকট, বয়স্ক জনসংখ্যা এবং জন্মহার কমে যাওয়ার কারণে বিভিন্ন খাতে বিদেশি কর্মীর ওপর নির্ভরতা বাড়ছে। কৃষি, পর্যটনসহ বিভিন্ন শ্রমনির্ভর খাতে কর্মী সংকট মোকাবিলায় বৈধ পথে বিদেশি কর্মী আনার সুযোগ বাড়িয়েছে ইতালি। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন অ-ইইউ নাগরিককে কাজের জন্য ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

২০২৭ সালের জন্য আবেদন প্রক্রিয়ার প্রস্তুতিও শুরু হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর ২০২৬ থেকে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নিয়োগকর্তারা ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন ‘এএলআই’ পোর্টালে বিদেশি কর্মীদের জন্য কাজের অনুমতির আবেদন প্রাথমিকভাবে প্রস্তুত করতে পারবেন। এরপর কর্মীর ধরন অনুযায়ী ২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি নির্ধারিত ‘ক্লিক ডে’-তে আবেদন পাঠানোর সুযোগ থাকবে।

তবে বিদেশে থাকা একজন কর্মী সাধারণত নিজের পক্ষ থেকে সরাসরি এই কোটায় আবেদন করে কাজের অনুমতি নিতে পারেন না। ইতালিতে থাকা নিয়োগকর্তাই বিদেশি কর্মী নিয়োগের জন্য প্রয়োজনীয় ‘নুল্লা ওস্তা’ বা কাজের অনুমতির আবেদন করেন। আবেদন অনুমোদনের পর সংশ্লিষ্ট কর্মী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে ইতালিতে প্রবেশের সুযোগ পান।

ইতালির ২০২৬–২০২৮ সালের বৃহৎ শ্রমিক নেওয়ার পরিকল্পনায় ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। ফলে আগামী কয়েক বছরেও ইতালিতে বৈধভাবে কাজের জন্য বিদেশি কর্মীদের সুযোগ অব্যাহত থাকবে।

তবে ইতালিতে কাজের সুযোগের খবরকে কেন্দ্র করে ভুয়া নিয়োগপত্র, দালালচক্র বা আগাম টাকা দাবির বিষয়ে সতর্ক থাকা জরুরি। সরকারি নিয়ম অনুযায়ী বৈধ নিয়োগকর্তা, কাজের অনুমতি এবং নির্ধারিত ভিসা প্রক্রিয়ার মাধ্যমেই ইতালিতে কর্মসংস্থানের সুযোগ নিতে হবে।

সিএসবি নিউজ-এর আরও খবর