জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে আর বিলম্ব নয়: ব্রিকসে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার আর বিলম্বিত করা যায় না। এ বিষয়ে পাঠ্যভিত্তিক আলোচনা নির্দিষ্ট সময়সীমা ও সুস্পষ্ট ফলাফলের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে আর বিলম্ব নয়: ব্রিকসে মোদি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে আর বিলম্ব নয়: ব্রিকসে মোদি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার আর বিলম্বিত করা যায় না। এ বিষয়ে পাঠ্যভিত্তিক আলোচনা নির্দিষ্ট সময়সীমা ও সুস্পষ্ট ফলাফলের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় মোদি বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আলোচনা আর পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, এ বিষয়ে ‘টেক্সট-বেজড নেগোশিয়েশন’ বা লিখিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা একটি নির্দিষ্ট সময়সীমা ও সুস্পষ্ট ফলাফলের সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন।

মোদি একই সঙ্গে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে শুধু আন্তর্জাতিক নিয়ম মেনে চলা ‘নিয়মগ্রহীতা’ না হয়ে নিয়ম প্রণয়নে ভূমিকা রাখা ‘নিয়মপ্রণেতা’ হওয়ার আহ্বান জানান। এ ক্ষেত্রে ব্রিকস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বৈশ্বিক দক্ষিণের তরুণ কূটনীতিকদের জন্য আলোচনা ও দর-কষাকষির দক্ষতা, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং আইনি জ্ঞান বৃদ্ধির উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন ভারতীয় প্রধানমন্ত্রী। তাঁর মতে, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর আরও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা দিবসের সঙ্গে এবারের ব্রিকস সম্মেলনের সময় মিলে যাওয়াকে ‘সুখকর কাকতালীয়’ হিসেবে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, বৈশ্বিক দক্ষিণের জন্য নির্ধারিত দিনে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। এ বিষয়ে ভারত নেতৃত্ব দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

২০ বছরে ব্রিকস

ব্রিকসের ২০ বছর পূর্তি নিয়েও বক্তব্য দেন মোদি। তিনি সংগঠনটির বর্তমান অবস্থাকে একজন মানুষের ২০ বছর বয়সে পৌঁছানোর সঙ্গে তুলনা করে বলেন, এ বয়সে যেমন পরিপক্বতা ও দায়িত্ববোধ বাড়ে, ব্রিকসও এখন পরিপক্বতা ও বৃহত্তর দায়িত্বের নতুন পর্যায়ে প্রবেশ করছে।

গত দুই দশকে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিকে সম্মান করে ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়ার মাধ্যমে ব্রিকস আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচয় শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন তিনি।

মোদি বলেন, এখন ব্রিকসের ঐক্য ও ঐকমত্যকে বৈশ্বিক পর্যায়ে বাস্তব ফলাফলে রূপ দেওয়ার সময় এসেছে। আগামী ২০ বছরের জন্য একটি নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচি গ্রহণের পাশাপাশি সংগঠনটির অভ্যন্তরীণ কার্যপ্রণালিও আরও কার্যকর করার আহ্বান জানান তিনি।

প্রতি বছর ব্রিকসের সভাপতিত্ব পরিবর্তিত হলেও যাতে সংগঠনটির কার্যক্রম ও উদ্যোগের ধারাবাহিকতা ব্যাহত না হয়, সে জন্য একটি ‘ব্রিকস কনটিনিউটি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন মেকানিজম’ বা ধারাবাহিকতা ও বাস্তবায়ন কাঠামো গঠনের প্রস্তাব দেন মোদি।

বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কারের আহ্বান

বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁর মতে, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব সীমিত কিছু দেশের হাতে কেন্দ্রীভূত করে রেখেছে।

তিনি বলেন, বৈশ্বিক দক্ষিণের দেশগুলো আন্তর্জাতিক ব্যবস্থার বিভিন্ন সংকটের সামনের সারিতে থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় তারা অনেকটা পেছনের সারিতে অবস্থান করে। এই ‘সুবিধাভোগী কাঠামো’ পরিবর্তন করে এমন একটি অংশীদারত্বভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি দেশের কণ্ঠস্বর থাকবে, প্রত্যেক সদস্যের অংশীদারত্ব থাকবে এবং মানবজাতির উন্নয়ন হবে সব উদ্যোগের কেন্দ্রবিন্দু।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সিএসবি নিউজ-এর আরও খবর