লালকেল্লায় ভয়াবহ হামলা মামলায় তিন চিকিৎসকের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থার চার্জশিট
ফরিদাবাদ ও আরাবল্লী পর্বতাঞ্চলের নির্জন এলাকায় বিষাক্ত ও বিস্ফোরক পদার্থের পরীক্ষা চালিয়ে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে।
লালকেল্লায় ভয়াবহ হামলা মামলায় তিন চিকিৎসকের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থার চার্জশিট
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ঘটা ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার তদন্তে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র পেশ করা চার্জশিট অনুযায়ী, এই হামলার নেপথ্যে জড়িত ছিল চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ সন্ত্রাসী দল, যাকে তদন্তকারীরা "সাদা পোশাকের সন্ত্রাসী দল" হিসেবে আখ্যা দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের তিন চিকিৎসক—ডক্টর উমর উন নবী, ডক্টর মুজাম্মিল শাকিল গানাই এবং ডক্টর আদিল আহমেদ রাদার গোপনে বিপজ্জনক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আরাবল্লীর গভীর পাহাড়ি এলাকায় বেশ কয়েকবার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিলেন।
প্রাথমিকভাবে রাসায়নিক সার দিয়ে ছোটখাটো বিস্ফোরক তৈরির চেষ্টা করা হলেও, পরবর্তীতে তারা ভারী মাত্রার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি তৈরির দিকে পা বাড়ায়। একই সাথে বিভিন্ন নির্জন এলাকায় তারা আগ্নেয়াস্ত্রের পরীক্ষা চালায় বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ১০ নভেম্বর লালকেল্লার কাছে সংঘটিত সেই ভয়াবহ বিস্ফোরণে ১৫ জন নিরীহ প্রাণ হারান এবং প্রায় ২৯ জন গুরুতর আহত হন। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে শক্ত প্রমাণ উপস্থাপন করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।