হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বড় ফেডারেল বিচার

ব্রুকলিনের আদালতে হুয়াওয়ের বিরুদ্ধে বিস্ফোরক বিচার, মার্কিন প্রযুক্তি চুরি ও ইরানের নিষেধাজ্ঞা এড়ানোর অভিযোগ।

হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বড় ফেডারেল বিচার

হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বড় ফেডারেল বিচার


নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালতে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে বহুল আলোচিত ফৌজদারি বিচার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা, মার্কিন প্রযুক্তির বাণিজ্যিক গোপন তথ্য চুরি এবং মার্কিন আর্থিক ব্যবস্থাকে অপব্যবহারের অভিযোগ তুলেছেন।


মার্কিন সরকারের অভিযোগের মধ্যে রয়েছে পাঁচটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে বাণিজ্যিক গোপন তথ্য হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র। প্রসিকিউটরদের দাবি, এর মধ্যে সিসকোর রাউটার-সংক্রান্ত উৎসকোড এবং টি-মোবাইলের প্রযুক্তি পরীক্ষার সরঞ্জাম নেওয়ার ঘটনাও রয়েছে। 


মামলায় ইরানের সঙ্গে হুয়াওয়ের ব্যবসায়িক সম্পর্কও গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, ইরানে ব্যবসা পরিচালনার প্রকৃত তথ্য গোপন করে প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেন করেছে এবং মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে অর্থ স্থানান্তর করেছে।


এছাড়া ইরানে বিক্ষোভকারীদের ওপর নজরদারিতে ব্যবহার করা হতে পারে—এমন প্রযুক্তি সরবরাহের অভিযোগও মামলায় রয়েছে। অভিযোগগুলোর একটি অংশ হুয়াওয়ে ও ইরানভিত্তিক প্রতিষ্ঠান স্কাইকোমের সম্পর্ক নিয়ে রয়টার্সের পুরোনো অনুসন্ধানী প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।


তবে হুয়াওয়ে সব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির আইনজীবীরা আদালতে বলেছেন, কয়েকজন কর্মীর বিচ্ছিন্ন কর্মকাণ্ডকে পুরো কোম্পানির বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাদের দাবি, হুয়াওয়ের বৈশ্বিক সাফল্যের পেছনে রয়েছে উদ্ভাবন ও প্রতিযোগিতা, অপরাধ নয়।


এই বিচার প্রায় তিন মাস চলতে পারে। মামলাটির গুরুত্ব শুধু একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের আইনি লড়াইয়ে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতা, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং জাতীয় নিরাপত্তার বিষয়ও জড়িয়ে আছে।

সিএসবি নিউজ-এর আরও খবর