মেলবোর্নের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুর করুণ মৃত্য
অস্ট্রেলিয়ার মেলবোর্নের পশ্চিমে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে দুই শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও পাঁচ শিশু।
মেলবোর্নের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুর করুণ মৃত্য
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের পারওয়ান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত ও এগারো বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু ওসামা এল হাওলি ও সারাহ এল হাওলি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা একই পরিবারের আত্মীয় ছিলেন।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নেরোউই সড়ক ও পারওয়ান-এক্সফোর্ড সড়কের সংযোগস্থলের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি আট আসনের গাড়িতে চালকসহ সাত শিশু ছিল। তারা স্কুল থেকে বাড়ির পথে যাচ্ছিল।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে দ্রুত জরুরি সেবাকর্মীরা পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সাত বছর বয়সী সারাহকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। এগারো বছর বয়সী ওসামাকে গুরুতর আহত অবস্থায় আকাশপথে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাড়িতে থাকা আরও পাঁচ শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানা গেছে। গাড়ি চালানো ৩৪ বছর বয়সী নারীও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহত দুই শিশু মেলটন সাউথের একটি বিদ্যালয়ে পড়াশোনা করত। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর শোক নেমে এসেছে। অস্ট্রেলীয় ইসলামিক কেন্দ্র দুই শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং শেষকৃত্য ও দাফনের ব্যবস্থায় সহযোগিতা করার কথা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি, মাদক ও মদ্যপানকে দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তবে কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে উল্টে গেল, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
দুর্ঘটনার সময় আশপাশের মানুষ ও জরুরি সেবাকর্মীরা আহত শিশুদের উদ্ধারে এগিয়ে আসেন। পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। এই মর্মান্তিক ঘটনায় পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।