নাচের ক্লাসে যাওয়া নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নাচের ক্লাসে যাওয়া নিয়ে স্বামীর সাথে কথা-কাটাকাটির জেরে প্রাণ হারিয়েছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ৩৮ বছর বয়সী নারী যামিনী যাদব।
নাচের ক্লাসে যাওয়া নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
ভারতের মহারাষ্ট্রের নাগপুরে নাচের ক্লাসে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে যামিনী যাদব নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪১ বছর বয়সী স্বামী কৃষ্ণ লাল যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত এবং অন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজ শেষে বাড়ি ফিরে কৃষ্ণ লাল স্ত্রীকে খাবার রান্না করতে বলেন। তবে যামিনী নাচের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেওয়ায় রান্না করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুইজনের মধ্যে প্রচণ্ড কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মদ্যপ অবস্থায় কৃষ্ণ লাল সন্তানদের সামনেই স্ত্রীর ঘাড় ও পেটে বেপরোয়া আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে বিষয়টি দুর্ঘটনাজনিত মৃত্যু মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদনে হাড় ভাঙা ও অন্ত্রে মারাত্মক ক্ষতির চিহ্ন মেলে। এরপরই পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলা দায়ের করে। পারিবারিক বিষয় ভেবে স্বজনেরা আগে হস্তক্ষেপ না করলেও মর্মান্তিক এই ঘটনার পর পুলিশ এখন পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।